পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র হাতে এক ইসরায়েলি সেনা
ফাইল ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার পশ্চিম তীরের বেইতা গ্রামে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেইতা গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা। এ সময় ওই ব্যক্তির মাথায় গুলি লাগে। পরে নাবলুস শহরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত আছে। শুক্রবার সংঘর্ষের সময় শত শত ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের দিকে জ্বলন্ত টায়ার ও পাথর ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পাল্টা জবাব দেন সেনারা।

অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ কার্যক্রমের বিরুদ্ধে পশ্চিম তীরের বেইতায় নিয়মিতভাবে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা। পশ্চিম তীরে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ইসরায়েলির বসবাস রয়েছে। পাশাপাশি ২৮ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করে আসছে সেখানে।