বাহরাইনে করোনা আইন অমান্য করলে কঠিন সাজা

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাহরাইনও অবরুদ্ধ হয়ে পড়েছে। গত ২৬ মার্চ থেকে অতি প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। জরুরি কাজ ছাড়া বাইরে ঘোরাফেরা করার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ আইন অমান্য করলে বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকা জরিমানা ও সর্বোচ্চ তিন বছরের সাজা ঘোষণা করা হয়েছে।
এ কারণে দুর্যোগময় পরিস্থিতিতে অনেকের কাজ বন্ধ থাকায় বেশ বিপাকে পড়েছেন বাহরাইনে অবস্থানরত দুই লাখ বাংলাদেশি।
দেশটিতে ১৫ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১ জন। এর মধ্যে ৪৩ জন বাংলাদেশি রোগীর খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে বাহরাইনের ৭ নাগরিকের। মুমূর্ষু অবস্থায় আছেন তিনজন।
এদিকে বাহরাইনে থাকা অসহায় বাংলাদেশিদের সহায়তায় বাংলাদেশ সরকারের দেওয়া ত্রাণ ঘরে ঘরে প্রবাসীদের কাছে বিতরণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
বাহরাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম, দূতালয়প্রধান মো. রবিউল ইসলাম ও শ্রম কাউন্সেলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ১৫ এপ্রিল থেকে এই ত্রাণ বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই ২০০ বাংলাদেশিকে ত্রাণ সহায়তা করা হয়।
এ ব্যাপারে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই দুর্যোগের সময় কোনো বাংলাদেশি খাদ্য কষ্টে ভুগবেন না, বিপদে পড়া তিন হাজারের অধিক প্রবাসীকে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে। দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া নম্বরে যেসব প্রবাসী সাহায্যের জন্য আবেদন করছেন, পর্যায়ক্রমে তাঁদের সবার ঘরে পৌঁছে দেওয়া হবে এই ফুড বাস্কেট। এ ছাড়া বাহরাইন সরকার কর্তৃক সাধারণ ক্ষমার আওতায় সব অবৈধ বাংলাদেশি যাতে বৈধ হতে পারেন, সে জন্য সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং বাহরাইন সরকারের আইন মেনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে বাহারাইনের বাদশাহর পক্ষ থেকে অনেক ধরনের সহায়তা ঘোষণা করা হচ্ছে। এপ্রিল মাসের শুরু থেকে তিন মাস পর্যন্ত অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করে দেওয়া হয়েছে। এলেমারের মাসিক বিল মওকুফ করে দেওয়া হয়েছে।