বিধিনিষেধ শিথিলের পর ছয় দেশের ইউটার্ন
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সংক্রমণ কমে আসা ও টিকা দেওয়ার হার বেড়ে যাওয়ায় কঠোর নিয়মে আসছে শিথিলতা। তবে বেশি দিন স্বস্তিতে থাকতে পারছে না এসব দেশের মানুষ। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিধিনিষেধ শিথিল করার কয়েক দিন পরই করোনার নতুন ধরন ডেলটার সংক্রমণ বাড়ছে। নতুন ভাবনায় পড়ছে এসব দেশের সরকার। নিতে হচ্ছে ইউটার্ন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে আগামী রোববার থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ মাস্ক পরা, জনসমাগমস্থলে সমবেত হওয়ার ক্ষেত্রে আইনি বিধিনিষেধ থাকছে না। নাইট ক্লাবগুলোও খুলে দেওয়া হচ্ছে। ইংল্যান্ডের পরিস্থিতি কেমন হবে, তা জানতে অপেক্ষায় থাকতে হবে আরও কয়েক সপ্তাহ। তবে এর মধ্যে যেসব দেশে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে মিশ্র অবস্থা। নানা কারণে বিধিনিষেধ শিথিল হয়েছে—এমন কয়েকটি দেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
বিধিনিষেধ তুলে আবার জারি করল ইসরায়েল
ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি চালুর পর ইসরায়েল গত ফেব্রুয়ারি মাস থেকে বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে। গত জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ইসরায়েলের অর্ধেক জনগোষ্ঠী দুই ডোজ টিকা পেয়েছেন। ইসরায়েলিরা মাস্ক পরা বন্ধ করে দিয়েছেন। দোকান, রেস্তোরাঁ, হোটেল ও সিনেমাহল খুলে দেওয়া হয়েছে। জীবনযাত্রা করোনাভাইরাস মহামারি শুরুর আগের মতোই স্বাভাবিক হয়ে উঠেছে।
তবে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইসরায়েলে করোনা সংক্রমণ নতুন করে বেড়েছে। চার মাসের মধ্যে গত মঙ্গলবার ইসরায়েলে সর্বোচ্চ ৭৫৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। করোনায় যাঁরা সংক্রমিত হচ্ছেন, তাঁদের অবস্থা খুব বেশি গুরুতর হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ার হারও কম।
করোনার সংক্রমণ বাড়ায় ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সরকার নতুন বিধিনিষেধ চালু করেছেন। ঘরের মধ্যে মাস্ক পরা ও বিদেশ থেকে আগতদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর ইউটার্ন
টিকা নেওয়ার হার বেড়ে যাওয়া এবং করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় নেদারল্যান্ডসে গত জুন মাসের শেষে সবকিছু খুলে দেওয়া হয়। অনেকেই মাস্ক পরা ছেড়ে দেন। তরুণদের বাইরে যেতে উৎসাহিত করা হয়।
বিধিনিষেধ শিথিলের পরেই নেদারল্যান্ডসে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করে। ডিসেম্বরের পর থেকে করোনায় সর্বোচ্চসংখ্যক মানুষ সংক্রমিত হন। তবে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা বাড়েনি।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ নিয়ে সমালোচনার মুখে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাটে গত শুক্রবার আবার ইউটার্ন নেন। বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্তের তিন সপ্তাহ পর তিনি আবার নতুন করে বিধিনিষেধ চালু করেছেন। মধ্যরাত থেকে রেস্তোরাঁ ও বারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নাইট ক্লাবগুলোও আবার বন্ধ করে দেওয়া হয়েছে। বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে স্বীকারও করেছেন রাটে। ভুল স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘আমরা যেটা সম্ভব হবে বলে ভেবেছিলাম, বাস্তবে তা হয়নি। ডাচ্ সরকারের ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৩ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে।
বিশেষজ্ঞদের সতর্কতা সত্যি হলো দক্ষিণ কোরিয়ায়
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়াকে অন্যতম সফল দেশ বলা হয়। গত জুন মাসে দেশটির সরকার মাস্ক ছাড়াই জনগণকে বাইরে যেতে অনুমতি দেয়। রেস্তোরাঁ খোলার সময়ের ক্ষেত্রেও বিধিনিষেধ তুলে দেওয়া হয়। ছোট পরিসরে জমায়েতের অনুমতি দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের ডেলটা ধরনের দ্রুত সংক্রমণ হচ্ছে। টিকাদানও ধীরগতিতে চলছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর দক্ষিণ কোরিয়ার জনগণের আস্থাও কমে আসছে।
বিশেষজ্ঞরা সে সময় সতর্কতা জারি করে বলেন, দক্ষিণ কোরিয়া সরকার সময়ের আগেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ তুলে দিচ্ছে। দেশটির বেশির ভাগ জনগণকে এখনো টিকা দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের সতর্কবার্তার প্রতিফলন ঘটেছে। দক্ষিণ কোরিয়ায় এখন করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে।
দেশটিতে করোনাভাইরাসে দৈনিক রেকর্ড সংক্রমণ হয়েছে। সরকার সামাজিক দূরত্বসহ বিধিনিষেধ জোরদার করতে বাধ্য হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাসিন্দাদের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের ডেলটা ধরনের দ্রুত সংক্রমণ হচ্ছে। টিকাদানও ধীরগতিতে চলছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর দক্ষিণ কোরিয়ার জনগণের আস্থাও কমে আসছে।
সুইডেনে নতুন উদ্বেগ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জমায়েত, রেস্তোরাঁ খোলা রাখার সময়সীমা প্রভৃতিতে বিধিনিষেধ ছিল সুইডেনে। এর মধ্যে কিছু বিধিনিষেধ দেশটিতে শিথিল করা হয়। ১ জুলাই থেকে রেস্তোরাঁ খোলা রাখার সময়সীমার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। খেলার স্টেডিয়ামেও দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
১৫ জুলাই থেকে সুইডেনে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করে দেওয়া হয়। বসন্তকালে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসে। টিকাদান ও উষ্ণ আবহাওয়ার কারণে মানুষ ঘরের বাইরে বেশি সময় কাটান।
তবে ডেলটা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুইডেনে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বিদেশে থেকে আগতদের সুইডেনে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় আবার শাটডাউন
গত বছরের বেশির ভাগ সময় অস্ট্রেলীয়রা অনেকটা স্বাধীনভাবে জীবন যাপন করেছেন। সে সময় বিধিনিষেধ ছিল সীমিত পর্যায়ে। এমনকি মাস্ক পরাও বাধ্যতামূলক ছিল না। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার আবার লকডাউনের পরিকল্পনা করেছে। যেমন গত জানুয়ারি মাসে মাত্র একজনের করোনা শনাক্ত হওয়ার পরে পার্থে পাঁচ দিনের শাটডাউন জারি করা হয়।
জুনের মাঝামাঝি সময়ে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সিডনিতে লকডাউন জারি করা হয়। চলতি মাসের শেষ পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
সিডনিতে এখন দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ শতাধিক। লকডাউনের প্রথম কয়েক সপ্তাহেও সেখানে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারি কর্মকর্তারা বলছেন, মানুষ নিয়ম মেনে ঘরে থাকছে না। সে সময় থেকে বিধিনিষেধ আবার কঠোর করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় ৯০ শতাংশেরও বেশি জনগণ এখনো টিকা পাননি। সরকারি কর্মকর্তারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় প্রয়োজন। টিকা সরবরাহে সংকটের কারণে বিশেষ করে ফাইজারের টিকার সংকটের কারণে এ বছরের শেষ পর্যন্ত অস্ট্রেলীয়রা টিকা পাবেন না।
যুক্তরাষ্ট্রে করোনা বাড়ছে
জো বাইডেনের সরকার আসার পর যুক্তরাষ্ট্রে টিকাদান গতিশীল হয়েছে। দেশটির বেশির ভাগ অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মাস্ক পরায় শিথিলতা এসেছে। ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়েছে।
গত জুন মাসে যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া খুলে দেওয়া হয়। নিউইয়র্কে টিকাদানের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। এরপর সেখানে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের হার এখনো কম। গত জানুয়ারি মাসে দেশটিতে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল সর্বোচ্চ। নতুন সংক্রমণের হার সে তুলনায় এক দশমাংশেরও কম। তবে গত দুই সপ্তাহে সংক্রমণের এই হার দ্বিগুণ হয়েছে।
টিকাদানের হার কম এমন এলাকাগুলোয় ডেলটা ধরনের সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ছে। এ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। যেসব এলাকায় টিকাদানের হার কম, সেসব এলাকাবাসীকে মাস্ক পরতে ও ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটিতে এক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। তবে মৃত্যুর হার খুব বেশি বাড়েনি। রাজ্যের কর্মকর্তারা বলছেন, যাঁরা করোনায় সংক্রমিত হয়েছেন, আবার টিকা পাননি, তাঁদের বড় অংশ হাসপাতালে চিকিৎসাধীন।