ইরানে ভিন্নমতাবলম্বীর ফাঁসি কার্যকর
ইরানের বিরোধী নেতা রুহুল্লা জামের ফাঁসি কার্যকর করা হয়েছে। গুপ্তচরবৃত্তি ও শরিয়া আইনের বিরোধিতার অভিযোগে গত জুনে তাঁর মৃত্যুদণ্ড দেন আদালত। তিনি আবেদন করেছিলেন। কিন্তু আবেদন খারিজ হয়ে যাওয়ায় আজ শনিবার সকালে তাঁর ফাঁসি কার্যকর হয়। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে এটি বলা হয়েছে।
খবরে বলা হয়, অভিযোগ থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন রুহুল্লা জাম। কোর্ট আবেদন নাকচ করে দিলে আজ সকালে ইরানের বিরোধী নেতা রুহুল্লা জামের ফাঁসি কার্যকর করা হয়।
ইরানের বিপ্লবী গার্ড গত বছরের অক্টোবরে ইরানের বিরোধী নেতা রুহুল্লা জামকে গ্রেপ্তারের কথা জানায়। তখন বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি ফ্রান্সের গোয়েন্দাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন। তিনি প্যারিসে নির্বাসনে ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রুহুল্লা জাম বেশ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থেকে দেশের নিরাপত্তার জন্য হুমকি ছিলেন। তাঁকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ইরানের শরিয়া আইনের এটি গুরুতর একটি অপরাধ। এ আইনে তাঁকে গত জুনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ফ্রান্স এবং এ অঞ্চলের একটি নামহীন দেশের পক্ষে গুপ্তচরবৃত্তি করে রুহুল্লা জাম দোষী সাব্যস্ত হয়েছেন। বৈরী দেশ আমেরিকাকে সহযোগিতা করেছিলেন। দেশের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছিলেন। ইসলামের অবমাননা করেছিলেন তিনি। ২০১৭ সালে প্রতিবাদের সময়ও তিনি সহিংসতায় প্ররোচিত করেছিলেন। অর্থনৈতিক সমস্যায় থেকে বেরিয়ে আসার জন্য করা আন্দোলনে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছিল।
রুহুল্লা জাম প্যারিসে থাকতেন। সেখানে ‘অ্যামাডনিউজ’ নামের একটি টেলিগ্রাম মেসেজিং অ্যাপ চালাতেন।