মধ্যপ্রাচ্যে চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ
করোনাভাইরাসের ডেলটা ধরনের বিস্তারের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনার চতুর্থ ঢেউ দেখা দিতে পারে বলে হুঁশিয়ার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এই দেশগুলোতে টিকা প্রয়োগের হার খুবই কম বলে উল্লেখ করেছে সংস্থাটি।
বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৫টিতে করোনার উচ্চ সংক্রমণের ধরন ডেলটা ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দারি এক বিবৃতিতে বলেছেন, ‘ডেলটা ধরনের বিস্তারের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, ‘নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই টিকা নেয়নি। বর্তমানে পুরো অঞ্চলজুড়ে আমরা করোনার চতুর্থ ঢেউয়ের মুখোমুখি হয়েছি।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলটি মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত।
সংস্থাটি বলছে, জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলে মাত্র ৪ কোটি ১০ লাখ মানুষকে করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এটা পুরো অঞ্চলের মোট জনসংখ্যার মাত্র সাড়ে ৫ শতাংশ।
আগের মাসের তুলনায় গত মাসে এই অঞ্চলে করোনা রোগী শনাক্ত প্রায় ৫৫ শতাংশ বেড়েছে, মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ। গড়ে প্রতি সপ্তাহে ১০ হাজার জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন সাড়ে ৩ হাজার জন।
তিউনিসিয়াসহ উত্তর আফ্রিকার অনেক দেশেই করোনাভাইরাসের কারণে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এসব দেশ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রীতিমতো লড়াই করছে।
অপ্রতুল অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ শয্যার সংকটের কারণে পুরো অঞ্চলেই স্বাস্থ্যব্যবস্থায় প্রভাব ফেলছে।