যৌনপেশায় জড়িত থাকার অভিযোগে ইয়েমেনি মডেলের ৫ বছরের কারাদণ্ড
ইয়েমেনে মাদক গ্রহণ ও যৌনপেশায় জড়িত থাকার অভিযোগে এক মডেলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তবে ওই মডেলের আইনজীবী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কারাদণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। খবর জিও টিভি অনলাইনের।
দণ্ডপ্রাপ্ত ইয়েমেনি মডেলের নাম ইনতিসার আল-হাম্মাদি (২০)। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফটোশুট করতে রাজধানী সানা যাওয়ার পথে একটি তল্লাশিচৌকি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জুন মাসে হাম্মাদির বিচার শুরু হয়। তাঁর এই বিচার প্রক্রিয়াকে ‘অনিয়ম ও অপব্যবহার’ হিসেবে আখ্যা দেয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
ইরান–সমর্থিত সশস্ত্র হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেওয়ার পর দেশজুড়ে বিশেষত নারীদের নৈতিকতা চর্চার বিষয়টি মেনে চলার ওপর জোর দিচ্ছে।
সানার একটি আদালত ইনতিসার আল–হাম্মাদির বিরুদ্ধে ওই রায় দেওয়ার পর হুতি বিদ্রোহীদের বার্তা সংস্থা ‘সাবা’ স্থানীয় সময় রোববার এই খবর প্রকাশ করে।
হিউম্যান রাইটস ওয়াচের ইয়েমেনি গবেষক আফরাহ নাসার এই রায়ের নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় বলেন, এই সাজা অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী ও হাম্মাদির আইনজীবীর দাবি, জুলাইয়ে সানার একটি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
ইয়েমেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাম্মাদি বেশ জনপ্রিয়। তাঁর আইনজীবীর দাবি, তুমুল জনপ্রিয়তার কারণেই তাঁকে ওই অভিযোগে গ্রেপ্তার করা হয়।
ইনতিসার আল-হাম্মাদির বাবা ইয়েমেনি ও মা ইথিওপীয়। তিনি ঐতিহ্যবাহী পোশাক জিন্স ও লেদার জ্যাকেট পরে অনলাইনে কয়েক ডজন ছবি পোস্ট করেন। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, চার বছর ধরে মডেল হিসেবে কাজ করছেন হাম্মাদি। গত বছর ইয়েমেনের দুটি টিভি সিরিজেও অভিনয় করেন তিনি।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মে মাসে অভিযোগ করে, গ্রেপ্তারের পর হাম্মাদিকে ‘চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ ছাড়া মাদক গ্রহণ ও যৌনপেশায় জড়িত থাকাসহ বেশ কয়েকটি অপরাধ স্বীকার করতে বাধ্য করা হয়েছিল তাঁকে।’