রিয়াদের বলয় থেকে বের হওয়ার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদ শেরিদা আলকাবি
সাদ শেরিদা আলকাবি

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আলকাবি ৩ ডিসেম্বর তাঁর দেশের এমন সিদ্ধান্তের ঘোষণা দেন।
এই ঘোষণার মাধ্যমে জ্বালানি তেল উৎপাদনকারী ১৫টি দেশ নিয়ে গঠিত ওপেকের সঙ্গে ৫৭ বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কাতার। ১৯৬১ সালে ওপেক গঠিত হওয়ার এক বছরের মাথায় সংগঠনটিতে যোগ দেয় কাতার। ৩ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দীর্ঘ এই সম্পর্ক ছিন্ন করার ঘোষণার মধ্য দিয়ে প্রথম উপসাগরীয় দেশ হিসেবে কাতার ওপেক ত্যাগ করছে। এই ঘোষণার পেছনে অনেকে বর্তমান উপসাগরীয় সংকটকে কারণ হিসেবে দেখলেও আলকাবি সরাসরি বিষয়টি নাকচ করে দিয়েছেন। তবে বিশ্লেষকেরা মনে করছেন, সৌদি আরবের প্রভাব বলয় থেকে বের হতেই এই সিদ্ধান্ত নিয়েছে কাতার।
সংবাদ সম্মেলনে আলকাবি বলেন, জ্বালানি তেল কাতারের শক্তির জায়গা নয়। কাতারের শক্তি ও সম্ভাবনার ক্ষেত্রটি প্রাকৃতিক গ্যাসে। আর সেই দিকে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কাতার বছরে ৭ কোটি ৭০ লাখ টন প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে। এই উৎপাদনকে কয়েক বছরের মধ্যে ১১ কোটি টনে উন্নীত করতে যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের জন্য পূর্ণ মনোযোগ দিতেই ওপেক থেকে সরে যাচ্ছে কাতার।
কাতার এমন এক সময় ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যখন আর কয়েক দিনের মধ্যে ওপেকের বৈঠক হওয়ার কথা। এ বিষয়ে আলজাজিরার প্রতিনিধি শার্লোৎ বেলিস বলেন, কাতার বলছে এই সিদ্ধান্তের সঙ্গে চলমান অবরোধের কোনো সম্পর্ক নেই। ওপেক থেকে সরে দাঁড়াতে হলে তা বছর শেষের আগেই হওয়া উচিত বলে ৬ ডিসেম্বরের বৈঠকের আগেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।’
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সাল থেকেই কাতারে জ্বালানি তেলের উৎপাদন কমছিল। ২০১৩ সালে কাতারে জ্বালানি তেলের উৎপাদন ছিল দৈনিক ৭ লাখ ২৮ হাজার ব্যারেল, যা ধারাবাহিকভাবে কমে ২০১৭ সালে এসে দাঁড়ায় দৈনিক ৬ লাখ ৭ হাজার ব্যারেলে। যদিও এই সময়ে ওপেকভুক্ত দেশগুলোর মোট জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ দৈনিক ৩ কোটি ৭ লাখ ব্যারেল থেকে বেড়ে ৩ কোটি ২৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
গত কয়েক বছর ধরে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমেরিকার শেল তেলের উৎপাদন বৃদ্ধির কারণে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ওপেক বড় ধাক্কা খায়। ২০১৬ সালে জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ৩০ ডলারে নেমে আসে। এতে বিপদে পড়ে জ্বালানি তেলনির্ভর অর্থনীতির দেশগুলো। এ প্রেক্ষাপটেই এক সময়ের বৈরী পক্ষ সৌদি আরব ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এ ঘনিষ্ঠতা এতই যে, সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনে সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে সমালোচনার তীর থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বুক পেতে রক্ষা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সম্মেলনের শেষ দিন পুতিন জানান, ওপেকের সঙ্গে জ্বালানি তেল উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত চুক্তির মেয়াদ বৃদ্ধিতে রাশিয়া সম্মত হয়েছে। তবে কাতারের ওপেক ত্যাগের ঘোষণার পর চলতি সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠেয় ওপেক বৈঠকে রাশিয়া ঠিক কোন মাত্রায় উৎপাদন সংকোচনের সিদ্ধান্তে সম্মত হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কাতারের সিদ্ধান্ত ওপেকের গৃহবিবাদকে সামনে নিয়ে এসেছে। রাশিয়া এই সুযোগ নিতে পারে। কারণ জি-২০ সম্মেলনের আগে রাশিয়া জানিয়েছিল, ব্যারেলপ্রতি ৬০ ডলার দামে তারা সন্তুষ্ট। কিন্তু সৌদি আরবের বাস্তবতা হচ্ছে ব্যারেলপ্রতি দাম ৭৩ ডলারের নিচে হলে তাকে বাজেট সমন্বয়ে বড় বিপদের মুখে পড়তে হবে। এদিকে আমেরিকা আগেই জানিয়ে দিয়েছে, ব্যারেলপ্রতি ৭০-৮০ ডলার অনেক উচ্চমূল্য। তারা জ্বালানি তেলের দাম আরও কমে স্থির দেখতে চায়।

ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে কাতার ছিল একাদশ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এ ছাড়া গত কয়েক বছরে জ্বালানি তেলের বাজারে উত্থান-পতনের জেরে ওপেক ও রাশিয়ার গৃহীত সিদ্ধান্ত অনুসারে উৎপাদন সংকোচনের নীতিও অনুসরণ করে কাতার। ফলে দেশটি বর্তমান জ্বালানি তেল উৎপাদন করে দিনে সাড়ে চার লাখ ব্যারেল। ৩ ডিসেম্বর দেওয়া ঘোষণায় কাতারের জ্বালানিমন্ত্রী নিজেদের সম্ভাবনার ক্ষেত্র প্রাকৃতিক গ্যাসে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রার কথাও বলেন।
প্রসঙ্গত, গত অক্টোবরের পর বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এই দরপতন ঠেকাতে ওপেক ও রাশিয়া যৌথভাবে আবারও জ্বালানি তেলের উৎপাদন সীমিতকরণে সম্মত হয়। ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ওপেকের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে কাতারের দিক থেকে ওপেক ত্যাগের সিদ্ধান্তের ঘোষণা অনেককেই চমকে দিয়েছে।
কাতারের এই সিদ্ধান্ত আরেকটি কারণেও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যে নানা সংকটে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আগে কখনো কোনো উপসাগরীয় দেশকে এই জোট ত্যাগের সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। এমনকি ইরাক-ইরান যুদ্ধের সময়ও জোট ত্যাগের কোনো সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশ নেয়নি। এ ছাড়া সম্প্রতি বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে আমেরিকার প্রভাব বিস্তারের চেষ্টা বেশ দৃশ্যমান। বাজারে ওপেক ও রাশিয়ার প্রভাব খর্ব করতে ‘নোপেক বিল’ নামে পরিচিত একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে ওঠার কথা রয়েছে। বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে ওপেকের একচেটিয়া প্রভাব খর্বের লক্ষ্যেই এ প্রস্তাব আনা হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাতারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে ব্যাখ্যা করছেন অনেক বিশ্লেষক।
এই ঘোষণার মধ্য দিয়ে আলোচনায় এসেছে বিকল্প জ্বালানি জনপ্রিয়করণের প্রসঙ্গও, যার কথা কাতারের জ্বালানিমন্ত্রী আলকাবিও তাঁর ঘোষণায় বলেছেন। তিনি সরাসরি প্রাকৃতিক গ্যাসেই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা বলছেন। আলকাবি বলেন, ‘আমরা ওপেকের ছোট খেলোয়াড়। আর আমি একজন ব্যবসায়ী। যা আমার শক্তি নয়, তাতে মনোযোগ দেওয়ার কোনো অর্থ আমি দেখি না। প্রাকৃতিক গ্যাসই আমাদের মূল শক্তি।’
কাতার না বললেও ওপেক ত্যাগের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে উপসাগরীয় সংকটের বিষয়টি। ওপেকের অঘোষিত নেতা সৌদি আরব, যার নেতৃত্বে চার আরব দেশ কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে। বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাতারের বিরোধের জেরেই দোহা এ সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্য, ওপেকের মোট উৎপাদনের তুলনায় কাতারের জ্বালানি তেল উৎপাদন অনেক কম। কিন্তু কাতারের এই সিদ্ধান্ত ওপেকের অভ্যন্তরে জ্বালানি তেল উৎপাদন, সরবরাহ ও বাজার নীতি নিয়ে মতবিরোধকে সামনে নিয়ে আসছে।
এ বিষয়ে কাউন্সিল অন ফরেইন রিলেশনসের সিনিয়র ফেলো অ্যামি মেয়ার্স জেফ আলজাজিরাকে বলেন, দোহা রিয়াদের প্রভাববলয় থেকে বের হতে কতটা উদ্‌গ্রীব, তা এ সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে। সৌদি আরব ও কাতারের মধ্যে প্রথম বিরোধ হয় ১৯৯০-এর দশকে সীমান্ত নিয়ে। বর্তমানে সৌদি আরবের নেতৃত্বে আরোপিত অবরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক থেকে বেরিয়ে কাতার প্রাকৃতিক গ্যাসের বাজারে মনোযোগ দিতে চাইছে, যা সৌদি আরবের প্রভাব বলয় থেকে বের হওয়ার ইচ্ছারই বহিঃপ্রকাশ।
বিবিসির মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিবেদক পল ব্লেকের মতে, কাতার যতই বলুক এই সিদ্ধান্ত রাজনৈতিক নয়, কিন্তু এর ফলে সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে কাতারের দূরত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। কাতারের এই সিদ্ধান্তের কারণে ওপেকের ওপর গাণিতিকভাবে বড় কোনো প্রভাব হয়তো পড়বে না। কিন্তু এই সিদ্ধান্ত ওপেকভুক্ত দেশগুলোর ঐক্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তারা জ্বালানি তেল উৎপাদনের বিচারে বড় দেশ না হলেও ওপেকের ইতিহাসে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়, কাতারের এই সিদ্ধান্ত জ্বালানি তেলের বাজারে সৌদি আরব, রাশিয়া ও আমেরিকার প্রভাব ক্রমবৃদ্ধির বাস্তবতা সামনে নিয়ে এসেছে। গত কয়েক বছর ধরেই সৌদি আরব ও রাশিয়া ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন নীতি নির্ধারণ করছে অনেকটা একতরফাভাবে। বিপরীতে আমেরিকা ওপেককে চাপে ফেলতে সদা তৎপর।
এ বিষয়ে আলজেরিয়ার সাবেক জ্বালানিমন্ত্রী ও ওপেক চেয়ারম্যান চাকিব খেলিল বলেন, ‘কাতারের এই সিদ্ধান্ত ইতিহাসের বাঁকবদলের ইঙ্গিতবাহী। দোহার সরে দাঁড়ানোতে মনস্তাত্ত্বিক বড় প্রভাব পড়বে। রিয়াদের বিরুদ্ধে একটি অবস্থান হিসেবে এটি উদাহরণ হয়ে থাকবে, যা অন্য সদস্য দেশগুলোও অনুসরণের সম্ভাবনা রয়েছে।’
একই মত ব্যক্ত করেন আটলান্টিক কাউন্সিল’স গ্লোবাল এনার্জি সেন্টারের সিনিয়র ফেলো এলেন ওয়াল্ড। আলজাজিরাকে তিনি বলেন, ‘কাতারের এই সিদ্ধান্ত ওপেকভুক্ত তেল উৎপাদনকারী ক্ষুদ্র দেশগুলোর মধ্যে অনুরূপ প্রবণতা সৃষ্টি করতে পারে। কারণ ওপেকের নীতি নির্ধারণে সৌদি আরব ও ওপেকের বাইরে থাকা রাশিয়ার প্রভাব ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় কাতারের এই সিদ্ধান্তকে ওপেকভুক্ত ক্ষুদ্র দেশগুলোর হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখতে হবে। কাতারের মতো অন্য দেশগুলোও যদি ওপেক ত্যাগের সিদ্ধান্ত নেয়, তবে জ্বালানি তেলের বাজারে ওপেকের প্রভাব কমবে।’