লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি, ইয়েমেন যুদ্ধ নিয়ে তাঁর এক মন্তব্যের জের ধরে লেবাননের রাষ্ট্রদূতকে দেশ থেকে বের করে দিচ্ছে সৌদি আরব
ছবি: রয়টার্স

লেবাননের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার। একই সঙ্গে লেবানন থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন ইস্যুতে লেবাননের এক মন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় গত শুক্রবার রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি লেবানন থেকে পণ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

এদিকে সৌদি আরবের এ সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর বাহরাইন ও কুয়েতও তাদের দেশ থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কয়েক দিন আগে আল-জাজিরার অনলাইনে প্রচারিত এক সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি ইয়েমেন ইস্যুতে মন্তব্য করেন। কোরদাহি বলেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ‘আগ্রাসন চালাচ্ছে’। আল-জাজিরায় প্রকাশিত ওই সাক্ষাৎকারটি গত আগস্টে রেকর্ড করা হয়েছিল।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সাত বছর ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। এদিকে সৌদি আরব ও বাহরাইনের এমন পদক্ষেপের পর আরব সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তারও আহ্বান জানান তিনি।

এ ঘটনার পর কোরদাহিকে টেলিফোন করেছেন মিকাতি। তখন তথ্যমন্ত্রীকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।

ওই সাক্ষাৎকারে কোরদাহি ইয়েমেনের যুদ্ধকে ‘অনর্থক’ আখ্যায়িত করে বলেছিলেন, হুতিরা কেবল ‘আত্মরক্ষাই’ করছে।

লেবাননের পক্ষ থেকে তাঁর এ বক্তব্যকে ব্যক্তিগত বলে দাবি করা হয়েছে। তারা বলছে, এসব কোরদাহির ব্যক্তিগত মন্তব্য, সরকারের অবস্থানের প্রতিফলন নয়।