শুনানি ছাড়াই আপিল খারিজ, কারাগারে ফেরার শঙ্কায় ব্রিটিশ-ইরানি নাজানিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ,
ছবি: রয়টার্স

ইরান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মামলায় পাঁচ বছর জেল খেটেছেন। এরপর চলতি বছরের এপ্রিলে অপপ্রচার ছড়ানোর দায়ে ফের এক বছরের কারাদণ্ড দেওয়া হয় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ ত্রাণকর্মী নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফকে। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। তবে পরিবার জানিয়েছে, কোনো শুনানি ছাড়াই তাঁর আপিল খারিজ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির

গত শনিবার নাজানিনের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আপিল আবেদনের ওপর কোনো শুনানি হয়নি। শুধু আইনজীবীকে রায় জানিয়ে দেওয়া হয়েছে।

এভাবে শুনানি ছাড়া আপিল খারিজ করে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস। তিনি বলেন, ‘নাজানিন যেন তাঁর মেয়ে ও পরিবারের কাছে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে আমরা সাধ্যমতো সব চেষ্টা চালাচ্ছি।’ এ বিষয়ে ইরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে ২০১৬ সালে নাজানিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত মার্চে কারাদণ্ডের মেয়াদ শেষ হয়। এরপর এপ্রিলে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে দ্বিতীয় দফায় আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। তবে প্রথম মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের মধ্যে শেষের এক বছর প্যারোলে মা-বাবার সঙ্গে ছিলেন নাজানিন। দ্বিতীয় মেয়াদের সাজা কাটাতে তাঁকে আবার কারাগারে ফিরতে হতে পারে বলে উদ্বেগে দিন কাটছে পরিবারের।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাজানিনের স্বামী রিচার্ড র‌্যাটক্লিফ জানান, তাঁর স্ত্রী দুশ্চিন্তায় আছেন, কখন তাঁকে তলব করা হয়। জেলে ফেরার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি। আপিল আবেদন খারিজ হওয়ার দিন তিনি বেশ কয়েকবার মেয়েকে ফোন করেছেন। তাঁর আশঙ্কা, তাঁর কারাগারে ফিরে না যাওয়ার বিকল্প নেই।

২০১৬ সালের পর থেকে নাজানিন ও র‌্যাটক্লিফের মুখোমুখি দেখা হয়নি। গ্রেপ্তারের সময় মেয়ে গ্যাব্রিয়েলা তেহরানে মায়ের সঙ্গেই ছিল। ২০১৯ সাল থেকে বাবার সঙ্গে যুক্তরাজ্যে থাকছে সে।

গ্রেপ্তারের সময় নাজানিন দাতব্য সংস্থা থমসন রয়টার্স ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ইরানি নববর্ষ উদ্‌যাপন ও মা-বাবাকে দেখতে মেয়েকে নিয়ে তেহরান যাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, তেহরানে সরকার উৎখাত করার ষড়যন্ত্রে জড়িত নাজানিন। ইরানের রেভল্যুশনারি গার্ড অভিযোগ তোলে, তেহরানে বেড়াতে আসার নামে একটি ‘বিদেশি মদদপুষ্ট শত্রু নেটওয়ার্ক’-এর নেতৃত্ব দিচ্ছিলেন এ ত্রাণকর্মী।

নাজানিনের মতো পশ্চিমা দেশগুলোর পাসপোর্টধারী অনেকেই ইরানের কারাগারে বন্দি আছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিদেশি শক্তিগুলোর সঙ্গে নানা ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকতে ইরান সরকার এ রকম ‘জিম্মি নীতি’ গ্রহণ করেছে।