সেনাদের হাতে অন্তত ৬০ সিরীয় বিদ্রোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বে অবস্থিত আদ্রা শহরে সরকারবিরোধীদের ওপর সেনাবাহিনীর অতর্কিত হামলায় অন্তত ৬০ বিদ্রোহী নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ বুধবার ভোরের ওই আক্রমণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই যুবক।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে হতাহতের সত্যতা নিশ্চিত করে বলা হয়, আল-কায়েদার অনুগত আল-নুসরা ফ্রন্টের ওপর সেনাদের হামলায় ‘বেশ কিছু’ বিদ্রোহী নিহত হয়েছে। সানা আরও জানায়, বিদ্রোহীদের ব্যবহূত মেশিনগান ও রকেটচালিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

সিরিয়ায় সোয়া দুই বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়ে গেছে প্রায় ১৭ লাখ মানুষ।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী এখনো রাজধানী দামেস্কের অধিকাংশ এলাকা ও পশ্চিমে যাওয়ার পথগুলো নিয়ন্ত্রণ করছে। তবে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে।

রাষ্ট্রনিয়ন্ত্রিত আল-ইখবারিয়া টিভিতে আজকের সংঘাতে নিহত লোকজনের চিত্র দেখানো হয়। মোহাম্মদ সাইদ নামের এক দামেস্কবাসী বার্তা সংস্থা এপিকে বলেন, পূর্ব দামেস্ক থেকে বিদ্রোহীরা যখন কালামোন এলাকার দিকে যাচ্ছিল, তখন সেনারা ভারী মেশিনগান নিয়ে তাদের ওপরে হামলা চালায়। তিনি বলেন, ‘সেনারা সম্ভবত বিদ্রোহীদের গোপন পথটির কথা জেনে গিয়েছিল।’

আলেপ্পোর সংঘাত

সিরিয়ার অন্যতম বড় শহর আলেপ্পোতে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের তুমুল যুদ্ধের খবর মিলেছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বিবিসি বলছে, শহরটির অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট থেকে তোলা আলেপ্পোর বেশ কিছু ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, উত্তরাঞ্চলীয় শহরটি প্রায় ধসে গেছে।

গত মঙ্গলবার বিদ্রোহীরা আলেপ্পোর একট গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করে নিয়েছে। তবে সেনারা সম্প্রতি দামেস্ক, হোমস ও আলেপ্পোর অন্যান্য এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে।