সৌদিসহ কয়েক দেশে সাইবার প্রযুক্তি বেচবে না ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

কোন কোন দেশ সাইবার প্রযুক্তি কিনতে পারবে, সেই তালিকা ছোট করেছে ইসরায়েল। সাইবার প্রযুক্তি কিনতে যেসব দেশের ওপর ইসরায়েল নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত।
ইসরায়েলের পত্রিকা ক্যালকালিস্ট এ–সংক্রান্ত একটি খবর গতকাল বৃহস্পতিবার প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গণমাধ্যমের অনুসন্ধানে স্পাইওয়্যার ‘পেগাসাস’ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে এ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল ইসরায়েল। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যে সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে, তার নাম জানায়নি পত্রিকাটি। ইসরায়েলের কাছ থেকে সাইবার প্রযুক্তি কিনতে পারে, এমন দেশের সংখ্যা ছিল ১০২টি। সেই সংখ্যা কমিয়ে ৩৭–এ এনেছে তারা।

ইসরায়েলি পত্রিকার ওই প্রতিবেদনের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সাইবার প্রযুক্তি কেনার ক্ষেত্রে কোন কোন দেশের নিবন্ধন বাতিল করা হয়েছে, তা নিশ্চিত করেনি তারা।

পেগাসাসের নির্মাতা ইসরায়েলের এনএসও গ্রুপ। এই স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে বিশ্বের ১৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুসন্ধান গত জুলাইয়ে প্রকাশিত হয়। এতে বলা হয়, বিভিন্ন দেশে সরকারি কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মীদের ফোনে আড়ি পাততে পেগাসাস স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল। বিশ্বের হাজারো মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহীকে পেগাসাসের নজরদারির সম্ভাব্য তালিকায় পাওয়া যায়। তারপর গোটা বিশ্বে বিতর্কের মুখে পড়ে এনএসও গ্রুপ।

পরে এনএসও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে দেশটি। আর চলতি সপ্তাহে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল।