স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

স্বামী আরেকবার বিয়ে করবেন, এটা মানতে পারেন না বেশির ভাগ নারী। স্বামীর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের কারণে দাম্পত্যকলহের কথা শোনা গেছে। কিন্তু এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে স্ত্রী কারাগারে গেছেন, এমনটা হয়তো আগে শোনা যায়নি।

এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস–এর এক প্রতিবেদনে গতকাল সোমবার বলা হয়, স্বামী দ্বিতীয় বিয়ে করার পরিকল্পনা করছেন, এটা মানতে পারেননি ওই নারী। পরিকল্পনা জেনে স্বামীর সঙ্গে কলহে জড়ান তিনি। ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় স্বামীর ডান হাতের একটি আঙুল ভেঙে দেন ওই নারী। এই দম্পতির পরিচয় প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের আইনে এটা অপরাধমূলক কাজ। তাই শেষ রক্ষা হয়নি ২৫ বছর বয়সী এশীয় বংশোদ্ভূত ওই নারীর। দেশটির একটি আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

তদন্তে ওই নারী জানান, স্বামীর দ্বিতীয়বার বিয়ের পরিকল্পনা শুনে তিনি ভীষণ রেগে গিয়েছিলেন। তাঁর স্বামী তাঁকে স্ত্রীর অধিকার দিতেও অস্বীকৃতি জানান। এটা নিয়ে তাঁদের দাম্পত্যকলহ চলছিল। ঘটনার দিন তাঁরা ঝগড়া করছিলেন। একপর্যায়ে স্বামী তাঁকে চড় মারেন। এতে তিনি আরও রেগে যান। যার ফল স্বামীর হাতের ভাঙা আঙুল। তবে এটা ইচ্ছাকৃত আঘাত ছিল না বলে আদালতকে জানান ওই নারী।