হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি জোটের ৩০ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আনাদ সামরিক ঘাঁটিতে হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। ইবনে খালদুন হাসপাতাল, লাহজ, ইয়েমেন, ২৯ আগস্ট
ছবি: এএফপি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। আজ রোববার আল-আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনীর মুখপাত্র মোহামেদ আল-নকিব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানপন্থী এই বিদ্রোহীদের হামলায় তাঁদের ৩০ থেকে ৪০ সেনা নিহত হয়েছে। আহত অন্তত ৬০ জন। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এমন সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি জোট ও হুতিদের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষই কোনো সমঝোতামূলক চুক্তিতে পৌঁছাতে পারেনি।

হাসপাতালের দুটি সূত্র জানিয়েছে, ১৬ আহত ব্যক্তিসহ বেশ কয়েকটি মরদেহ লাহজ প্রদেশের প্রধান হাসপাতালে আনা হয়। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো বেসামরিক লোক রয়েছেন কি না, তারা নিশ্চিত নয়।

স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা আল-আনাদ এলাকায় বেশ কিছু ভারী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এলাকাটি দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। বিতর্কিত কেন্দ্রীয় শহর তাইজ থেকে আরও বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তাঁরা হুতি-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহরের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ শুনেছেন।

২০১৪ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে আবদ-রাব্বু মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে হস্তক্ষেপ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোট। এরপর থেকে এই দুই পক্ষের মধ্যে লড়াই চলে আসছে। এই লড়াইয়ে হাজার হাজার মানুষ নিহত হয়। সাংঘর্ষিক এই পরিবেশে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।