হুতিদের টেলিযোগাযোগব্যবস্থায় সৌদি জোটের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে প্রায়ই হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট
ফাইল ছবি: এএফপি

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতি বিদ্রোহীদের একটি টেলিযোগাযোগব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে। আজ সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি এই খবর জানায়। এর আগে রাজধানী সানায় ইয়েমেনের মন্ত্রণালয়গুলোর বেসামরিক মানুষদের নিরাপদে সরিয়ে নিতে বলে সৌদি জোট। খবর রয়টার্সের।

বাসিন্দারা রয়টার্সকে বলেন, উত্তর সানার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে স্যাটেলাইটের জন্য একটি গ্রাউন্ড স্টেশনকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

স্থানীয় সময় আজ দিনের শেষ ভাগে হুতি নিয়ন্ত্রিত টিভি আল মাসিরাহ এ হামলার কথা নিশ্চিত করে। আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, জোটের একটি হামলায় টেলিকম কোম্পানি টেলিইয়েমেনের ভবন ধসে গেছে। এ ছাড়া ড্রোন হামলায় কাছের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ওই প্রতিবেদনে জানানো হয়।

জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান-সমর্থিত হুতিরা বিদ্বেষমূলক অভিযান শুরু করতে মন্ত্রণালয়ের সদর দপ্তর ব্যবহার করে। সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিরা সবশেষ যে হামলা চালান, তার সঙ্গে যুক্ত একটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা করা হয়েছিল। স্থাপনাটি ধ্বংস করাই ছিল ড্রোন হামলার লক্ষ্য।

গত বৃহস্পতিবার সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিরা একটি ড্রোন হামলা চালান। বিমানবন্দরে হুতিদের ওই হামলায় ১২ জন আহত হয়েছিলেন।

ইয়েমেনে সাত বছর ধরে সংঘাত চলছে। এই সময়ে সৌদি আরব অসংখ্যবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছেন হুতি সেনারা। সবশেষ হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালান। এর জবাবে ইয়েমেনের ভেতর বিমান হামলা করে সৌদি নেতৃত্বাধীন এই জোট।

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে হুতি বিদ্রোহীরা রাজধানী সানার দখলে নিলে ২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।