প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৬ সালের ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ছোট্ট এক গ্যারেজে। কম্পিউটার বিশেষজ্ঞ স্টিভ ওজনিয়াক ওই সময় কম্পিউটারের একটি সার্কিট বোর্ডের নকশা তৈরি করেছিলেন। বন্ধুদের সেটি দেখাতে স্থানীয় এক নামী ক্লাবে সেটি নিয়ে গিয়েছিলেন তিনি। তবে তাঁর বন্ধু স্টিভ জবসের মধ্যে বোর্ডগুলো তৈরি ও বিক্রির ব্যবসায়িক সম্ভাবনা দেখতে পান; আর এভাবেই জন্ম হয় অ্যাপলের।
গতকাল বুধবার ৫০ বছর পার করল অ্যাপল। প্রথমে ডেস্কটপ কম্পিউটার এবং পরে স্মার্টফোনকে মূলধারায় নিয়ে আসা, মোবাইল অ্যাপের জনপ্রিয়তা বাড়ানো এবং ডিভাইস ও সফটওয়্যারের নিবিড় সমন্বয়ের ক্ষমতা দেখিয়ে দিয়ে প্রযুক্তিশিল্প ও জনসংস্কৃতি—উভয়কেই নতুন রূপ দিয়েছে এই প্রতিষ্ঠান।
তবে সফটওয়্যার খাতের প্রতিদ্বন্দ্বী অ্যালফাবেট ও মাইক্রোসফট এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের আধিপত্য বিস্তারে যখন হাজার কোটি ডলার খরচ করছে, তখন এই প্রযুক্তির যুগে পাওয়ার হাউস হিসেবে নিজেদের টিকিয়ে রাখার চাপে আছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
২০২২ সালের নভেম্বরে ওপেনএআই ‘চ্যাটজিপিটি’ উন্মোচনের পর থেকে ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ বা শীর্ষ সাত প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে শেয়ারবাজারের পারফরম্যান্সে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল।
২০১৭ সাল থেকে নিজেদের চিপে মেশিন লার্নিং প্রযুক্তি যুক্ত করলেও বিশ্লেষক ও বিনিয়োগকারীদের মতে, নতুন সিরিসহ বিভিন্ন ফিচার আনতে দেরি হওয়ায় এটিই স্পষ্ট যে এআই ব্যবহারে গ্রাহকদের চাহিদার বিষয়ে অ্যাপল পর্যাপ্ত প্রস্তুত ছিল না। এমনকি ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীরা এখন এমন সব এআই ডিভাইস আনার পরিকল্পনা করছে, যা স্মার্টফোনের দীর্ঘদিনের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে।
তবে অ্যাপলের ডিভাইসের জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। আইফোন ১৭ সিরিজের ব্যাপক চাহিদার কারণে ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে; পাশাপাশি এখন পর্যন্ত তাদের সবচেয়ে সাশ্রয়ী ল্যাপটপ ৫৯৯ ডলারের ‘ম্যাকবুক নিও’ দারুণভাবে যাত্রা শুরু করেছে।
গত মঙ্গলবার স্ট্র্যাটেকারি ডটকমে স্বতন্ত্র প্রযুক্তি বিশ্লেষক বেন থম্পসন বলেন, অ্যাপলের সমন্বিত ব্যবসায়িক মডেলের সঙ্গে সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কাউকে ছাড়াই প্রতিষ্ঠানটি ৫০ বছর পার করেছে; কিন্তু পরবর্তী ৫০ বছরের ভাগ্য নির্ভর করছে এআই শেষ পর্যন্ত কতটা প্রভাবশালী হয়ে ওঠে এবং ওপেনএআই শেষ পর্যন্ত অ্যাপলকে টেক্কা দিতে পারে কি না, তার ওপর।