সিডনিতে গণদৌড়ে অংশ নিলেন প্রায় ৯০ হাজার মানুষ

সিডনিতে গণদৌড়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশি অভিনেতা দম্পতি জন মার্টিন ও মৌসুমি মার্টিনছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনি শহরে প্রায় ৯০ হাজার মানুষের অংশগ্রহণে গণদৌড় ‘সিটি টু সার্ফ’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে শহরের কেন্দ্রস্থল হাইড পার্ক থেকে শুরু হয়ে ১৪ কিলোমিটার পথ পেরিয়ে বিখ্যাত বন্ডাই সৈকতে গিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা। পেশাদার অ্যাথলেট থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

এবারের আসরে পুরুষ বিভাগে ৪০ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন অ্যান্ডি বুকানন। নারী বিভাগে ৪৬ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে বিজয়ী হয়েছেন হোলি ক্যাম্পবেল। আয়োজকেরা জানান, এ বছরের আয়োজন থেকে বিভিন্ন সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের জন্য ৩০ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে।

এবারের দৌড়ে পেশাদার অ্যাথলেট থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৯০ হাজার মানুষ অংশ নেন
ছবি: সিটি টু সার্ফের সৌজন্যে

প্রতিযোগিতায় বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সিডনিপ্রবাসী অভিনেতা দম্পতি জন মার্টিন ও মৌসুমি মার্টিন বলেন, কঠিন রাস্তা হলেও পথের দুপাশে দাঁড়িয়ে হাজারো মানুষের উৎসাহ দেখে সব ক্লান্তি দূর হয়ে যায়। সিডনির রাস্তায় ৯০ হাজার মানুষ একসঙ্গে শামিল হয়েছিলেন।

দৌড়ের একপর্যায়ে ৮২ বছর বয়সী এক প্রবীণ দৌড়বিদকে দেখে জন মার্টিন বলেন, ‘৫২তম বার এই দৌড়ে অংশ নেওয়া ওই প্রবীণ প্রতিযোগী সবার জন্য এক দারুণ অনুপ্রেরণা।’

সিডনিতে গণদৌড়ের দৃশ্য
ছবি: প্রথম আলো

আরেক প্রতিযোগী সাবরিনা পারভীন বলেন, বন্ডাই সৈকতে শেষ দাগ অতিক্রম করার মুহূর্তটি ছিল রোমাঞ্চকর। শারীরিক কসরতের পাশাপাশি সামাজিক কাজে অবদান রাখার এটি এক চমৎকার সুযোগ।

১৯৭১ সালে শুরু হওয়া সিটি টু সার্ফ এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।