২০১৪ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের মূল অভিযুক্ত বাংলাদেশি ‘জেএমবি’র সদস্য কওসর ওরফে বোমারু মিজানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন কলকাতার একটি আদালত।
আলিপুর জেল থেকে পালানোর পরিকল্পনা করার দায়ে বৃহস্পতিবার তাঁকে আট বছরের কারাদণ্ডের আদেশ দেন কলকাতার নগর দায়রা আদালত।
খাগড়াগড় বিস্ফোরণ মামলায় বিচারাধীন হিসেবে আলিপুর জেলে থাকার সময়ই কওসর এই পালানোর পরিকল্পনা করেছিলেন। এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ইউএপিএতে মামলা করেছিল।
আদালতের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানান, কওসর জেলে থাকাকালে তাঁর সঙ্গীদের সাহায্যে পালানোর পরিকল্পনা করেন। তিনি বলেন, জেল থেকে আদালতে নেওয়ার পথে পুলিশের ওপর পেট্রলবোমা ছুড়ে কওসরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
এই ষড়যন্ত্রের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালে। সে সময় পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি রেলস্টেশন থেকে কওসরের ঘনিষ্ঠ আসিফ ইকবাল নামের এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই পুরো পরিকল্পনার কথা জানা যায়। এই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
কলকাতা পুলিশের এসটিএফ এ ঘটনায় ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ, বিস্ফোরক ব্যবহার ও অনুপ্রবেশের ধারায় ইউএপিএ আইনে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।
এই মামলায় আগেই ছয়জনের সাজা ঘোষণা করা হয়েছে। বুধবার আদালতে নিজের দোষ স্বীকার করে নেন কওসর। এর ভিত্তিতেই আদালত এই সাজা ঘোষণা করেন।