একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন

আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া ফ্রান্স, সিরিয়া, যুক্তরাজ্য ও মাদাগাস্কারের কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

গাজায় ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপের ওপর অসহায় এক ফিলিস্তিনি
ফাইল ছবি: রয়টার্স

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে। গাজায় একটি মসজিদে ইসরায়েলের বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড এরডান
ছবি: ফাইল ছবি

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড এরডান বলেছেন, গাজায় চলমান যুদ্ধে মানবিক বিরতি এবং আরও বেশি মানবিক করিডর গঠনের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তা বাস্তবসম্মত নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। গাজায় মানবিক বিরতি এবং আরও বেশি মানবিক করিডর গঠনের আহ্বান জানিয়ে মাল্টার উত্থাপিত প্রস্তাবটি গতকাল বুধবার গৃহীত হয়।

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড
ছবি: এএফপি ফাইল ছবি

এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে নেতানিয়াহুর উচিত দ্রুত পদত্যাগ করা। গতকাল বুধবার ইসরায়েলের সংবাদমাধ্যম এন টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালানোয় ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তা ও নেতারা গাজায় যুদ্ধাপরাধ করছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ
ছবি: রয়টার্স ফাইল ছবি

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তাঁর ভাই এবং আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার কেন্দ্র করে এ পরোয়ানা জারি করা হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডেভিড ক্যামেরন
ছবি: এএফপি

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ডেভিড ক্যামেরন তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে ইউক্রেন গেছেন। তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাঁর মন্ত্রিসভায় রদবদল আনেন। এই রদবদলের অংশ হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন সুনাক।

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর সড়কে পুলিশের টহল
ফাইল ছবি: রয়টার্স

বিরোধীদের বিক্ষোভ ও ভোট বর্জনের মধ্যে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। এ নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।