ইতিহাসের এই দিনে: উপসাগরীয় যুদ্ধে বিরতি ঘোষণা
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
১৯৯১ সালের ২৮ ফেব্রুয়ারি উপসাগরীয় যুদ্ধে বিরতি ঘোষণা করা হয়। এদিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ যুদ্ধবিরতির ঘোষণা দেন। মূলত কুয়েত থেকে ইরাকি সেনা প্রত্যাহারের পর এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।
ক্ষমতা হারান রানি রানাভালোনা
মাদাগাস্কারে একসময় রাজতন্ত্র ছিল। সেখানকার রাজতন্ত্রের সর্বশেষ শাসক ছিলেন রানি তৃতীয় রানাভালোনা। ১৮৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি ফরাসি সেনারা তাঁকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেন।
নাইলন আবিষ্কার
যুক্তরাষ্ট্রের রসায়নবিদ ওয়ালেস ক্যারোথার্স ১৯৩৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাইলন আবিষ্কারের কথা জানান। একই বছরের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের সময় প্যারাসুট তৈরিতে ব্যাপক হারে নাইলন ব্যবহার করা হয়। এ ছাড়া নাইলনের দড়ি বেশ জনপ্রিয়তা পায়।
হান সাম্রাজ্যের পত্তন
খ্রিষ্টপূর্বাব্দ ২০২ অব্দে হান সাম্রাজ্যের সূচনা হয়। আজকের দিনে সিংহাসনে বসেন সম্রাট লিউ বাং। এর মধ্য দিয়ে চীনে চার শতকের হান সাম্রাজ্যের পত্তন ঘটে। চীনে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্রভাবশালী শাসক লিউ বাংয়ের বড় ভূমিকা ছিল।