আর্মি রেডিও খবর
নেতানিয়াহুর দলকে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে আইজেনকটের দল
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধীজোটের নেতা গাদি আইজেনকটের দল ইয়াশার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। তবে আইজেনকটের দল এমন কোনো প্রস্তাব বিবেচনা করার কথা অস্বীকার করেছে।
আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়, আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন—এই শর্তে তাঁর ইয়াশার পার্টি নেতানিয়াহুর লিকুদ পার্টিকে রোটেশনের (পালা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন) প্রস্তাব দেওয়ার কথা ভাবছে। অসমর্থিত ওই প্রতিবেদনে লিকুদের কার সঙ্গে আইজেনকট পালা করে ক্ষমতা ভাগাভাগি করবেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি।
তবে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াশার পার্টি জানিয়েছে, আলোচনার টেবিলে থাকা একমাত্র প্রস্তাবটি হলো—আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে লিকুদ পার্টি যোগ দিতে পারে।
আইজেনকটের দল ইয়াশার আবারও জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে আগ্রহী যেকোনো দলকে অবশ্যই তাঁর চারটি মূলনীতি মেনে নিতে হবে। নীতিগুলো হলো: ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া; স্বাধীনতার ঘোষণাপত্র মেনে নেওয়া; সবার জন্য বাধ্যতামূলক সামরিক বা বেসামরিক সেবা চালু করা এবং হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এর সামরিক ও শাসনক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার করা।
দলটি আরও বলেছে, সম্ভাব্য জোটসঙ্গীদের অবশ্যই ‘চরমপন্থীদের থেকে দূরে সরে আসতে হবে’। তবে কাদের কথা বলা হচ্ছে, তা তারা স্পষ্ট করেনি। ধারণা করা হচ্ছে, এই শর্তটি অন্তত আংশিকভাবে কট্টর ডানপন্থী ‘ওতজমা ইয়েহুদিত’ দলের নেতা ইতামার বেন গভিরকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। ইয়াশার এর আগে জানিয়েছিল, লিকুদ পার্টি এবং রিলিজিয়াস জায়োনিজম পার্টির যেসব আইনপ্রণেতা তাদের চারটি মূলনীতি মেনে নিতে ইচ্ছুক, তাদের জন্য এই সরকারের দরজা খোলা থাকবে।
সম্ভাব্য ঐক্যের সরকার নিয়ে আলোচনার জন্য আজ রোববার ইয়াশার এবং লিকুদের আলোচক দলগুলোর মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকের ঠিক আগেই চার নীতি উল্লেখ করে এই স্পষ্টীকরণ দেওয়া হলো।
ইয়াশার নেতা বারবার জোর দিয়ে বলেছেন যে নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য। তিনি দেশের জন্য বিপজ্জনক এবং তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এমনকি আইজেনকটের অধীনে নেতানিয়াহুর কাজ করার সম্ভাবনাও আইজেনকটের আগের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে আসার শামিল হবে। যদিও নেতানিয়াহু নিজে ছাড়া অন্য কারও নেতৃত্বাধীন সরকারে কাজ করতে রাজি হবেন—এমন সম্ভাবনা খুবই কম।
তাই এই আলোচনার লক্ষ্য নেতানিয়াহুর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেয়ে (যিনি আইজেনকটের শর্ত মানবেন না বলেই মনে হয়) বরং এটি দেখানো হতে পারে যে—কট্টরপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন বা আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের মতো অন্য বিকল্পগুলোর দিকে যাওয়ার আগে আইজেনকোট একটি ঐক্যের সরকার গঠনের আন্তরিক চেষ্টা করেছিলেন।
চ্যানেল ১২-এর তথ্যমতে, আইজেনকট গত সপ্তাহে অতি কট্টর ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ দলের চেয়ারম্যান ইয়াকভ আশেরের সঙ্গে গোপনে বৈঠক করেছেন।