দ্বিতীয় বিয়েও টিকল না ইমরান খানের

বিয়ের পর ইমরান খান ও রেহাম খান। ফাইল ছবি: এএফপি।
বিয়ের পর ইমরান খান ও রেহাম খান। ফাইল ছবি: এএফপি।

দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলনায়ক ইমরান খানের। টেলিভিশন সাংবাদিক রেহাম খানের সঙ্গে বিয়ের মাত্র ১০ মাসের মাথায় আবারও ঘর ভাঙছে ইমরানের। আজ শুক্রবার পাকিস্তানের ডনের খবরে এ কথা বলা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের মুখপাত্র নাইমুল হক ফেসবুকে এক পোস্টে বলেন, ‘ইমরান খান ও রেহাম খান পারস্পরিক আলোচনার মাধ্যমে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।’

এ বছরের জানুয়ারিতে বিয়ে করেন ৬২ বছর বয়সী ইমরান খান ও ৪২ বছর বয়সী রেহাম খান। কিন্তু বছর না পুরতেই বিচ্ছেদ ঘটতে চলেছে এই দম্পতির।

ইমরান খান নিজেই শুক্রবার এক টুইট বার্তায় তাঁর বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে বলেন, ‘আমার, রেহাম এবং আমাদের পুরো পরিবারের জন্য এটা বেদনাদায়ক সময়। আমাদের ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সবাইকে অনুরোধ করছি।’

দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর ইমরান খান ও রেহাম খান। ফাইল ছবি: এএফপি।
দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর ইমরান খান ও রেহাম খান। ফাইল ছবি: এএফপি।

টুইটে রেহামও বলেছেন, ‘আলাদা থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছি।’
টিভি উপস্থাপিকা রেহাম খান একসময় বিবিসিতে আবহাওয়ার খবর পড়তেন। বর্তমানে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতো তিন সন্তানের জননী রেহাম খানেরও আগে একবার বিবাহবিচ্ছেদ হয়েছে। পাকিস্তানের অনেকের ধারণা, ইমরানের জনপ্রিয়তাকে ব্যবহার করে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন তিনি।
১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানের লাহোরে থাকতেন জেমিমা। কিন্তু ইহুদি পরিবারে জন্ম হওয়ায় পাকিস্তানের মানুষ তাঁকে তেমন পছন্দ করতে পারেননি। ইমরান আর জেমিমার ঘর ভাঙে ২০০৪ সালে। জেমিমার গর্ভে জন্ম নেওয়া দুই ছেলে আছে ইমরান খানের।