গ্রিস উপকূলে নৌকাডুবি, পাকিস্তানে ১০ মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় গণমাধ্যম বলছে, গ্রিস উপকূলে নৌকাডুবিতে পাকিস্তানের ৩০০ জনের মৃত্যু হয়েছে
ছবি: এএফপি

গ্রিসের উপকূলে নৌকাডুবির ঘটনায় কমবেশি ৩০০ পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনার জেরে গতকাল রোববার পাকিস্তানে মানব পাচারে জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার গ্রিসের উপকূলে কয়েক শ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌযান ডুবে যায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তানের ৩০০ নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আজ সোমবার পাকিস্তানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রতিবছর হাজার হাজার পাকিস্তানিসহ বিভিন্ন গরিব দেশের বহু মানুষ উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ঝুঁকিপূর্ণ ও অবৈধ এই সাগরপথের যাত্রায় প্রায়ই নৌযানডুবির ঘটে। এতে বহু মানুষের মৃত্যু হয়।

পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে ৯ মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রিস উপকূলে নৌকাডুবিতে নিহত ব্যক্তিদের অধিকাংশের বাড়ি সেখানে। এ ছাড়া পাঞ্জাবের গুজরাট শহর থেকে মানব পাচারে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক সংস্থা ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গ্রিসের উপকূলে ডুবে যাওয়া নৌযানটিতে ৪০০ থেকে ৭৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌযানডুবির ঘটনায় ১২ পাকিস্তানিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌযানটিতে কতজন পাকিস্তানি ছিলেন, সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

দেশটির অভিবাসনবিষয়ক একজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে এএফপিকে বলেন, নৌযানে থাকা পাকিস্তানির সংখ্যা দুই শতাধিক হতে পারে।