আরব সাগরে জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। তাঁদের মধ্যে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। আজ শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, আরব সাগরের উত্তর অংশে পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ‘গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সাহায্য চেয়ে পাঠানো সেই বার্তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস হুনাইন’ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজটিতে অগ্নিনির্বাপণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সহায়তা করে। তারা সফলভাবে নাবিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
উদ্ধার করা নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাঁদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের করাচিতে নেওয়া হয়েছে।
পাকিস্তানের আইএসপিআর আরও জানায়, গত মার্চ মাসে সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্য সুরক্ষায় বিশেষ অভিযান শুরু করেছিল পাকিস্তান। নিজেদের সীমানা রক্ষার পাশাপাশি যেকোনো দেশের মানুষের জীবন বাঁচাতে মানবিক কর্মকাণ্ডে পাকিস্তান নৌবাহিনী সব সময় তৎপর থাকে।