সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি ‘শর্তহীন’।
এক সাক্ষাৎকারে এ কথা বলেন আহমেদ শরীফ চৌধুরী। গতকাল শুক্রবার ওই সাক্ষাৎকারের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে আরব নিউজ।
সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হুতিরা। এলাকাগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল–মানদেব প্রণালির কাছে অবস্থিত। একই সঙ্গে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রিয়াদ।
সৌদি আরব ও ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যখন তীব্র লড়াই চলছে, তখন এ কথা বললেন আহমেদ শরীফ চৌধুরী।
সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে হুতিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এলাকাগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল–মানদেব প্রণালির কাছে অবস্থিত। একই সঙ্গে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা বৃদ্ধি করেছে রিয়াদ।
হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট চলতি সপ্তাহে অভিযোগ করেছে, হুতিরা পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভ তৈরি হয়েছে। তবে রিয়াদের এ দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে হুতিরা। তারা এটিকে ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।
আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘কূটনৈতিকভাবে ও সরাসরি—উভয় দিক থেকেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে আছে। এ ক্ষেত্রে আমি সরাসরি কথাটার ওপর জোর দিতে চাই।’
আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘হারামাইন শরিফাইন (মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ) ও সৌদি আরবের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। সৌদি ভাইয়েরা যতটা চাইবেন এবং যতটা প্রয়োজন হবে, ততটাই।’
আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, পাকিস্তানের জনগণ সৌদি আরবের জনগণের পাশে আছে। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। সৌদি আরবের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবিলায় পাকিস্তান দেশটির পাশে থাকবে।
হারামাইন শরিফাইন (মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ) ও সৌদি আরবের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। সৌদি ভাইয়েরা যতটা চাইবেন এবং যতটা প্রয়োজন হবে, ততটাই।
পাকিস্তানের এই সামরিক মুখপাত্র বলেন, তাঁদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোসহ অন্যদের সহযোগিতা নিয়ে আলোচনার মাধ্যমে বর্তমান জটিল পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজতে পাকিস্তান আন্তরিকভাবে কাজ করছে।
গত বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও হুতিদের সমর্থন দিয়ে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে ফোনালাপ নিয়েও আহমেদ শরীফকে প্রশ্ন করেছে আরব নিউজ। জবাবে তিনি বলেন, পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।