ইমরানের জামাকাপড় ও শেভিং কিট কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি গ্রেপ্তার হয়ে জামিনে ছাড়া পেয়েছেন। চলতি মাসের ৯ তারিখ গ্রেপ্তারের পর তাঁকে পুলিশ লাইনসের রেস্টহাউসে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার তিনি আবিষ্কার করলেন, ভুলে তিনি তাঁর জামাকাপড় ও শেভিং কিট সেখানে রেখে এসেছেন।

এরপর ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) তাঁকে হাজির হতে যে নোটিশ পাঠিয়েছে, তার লিখিত জবাবে এসব জিনিস ফেরত পাঠাতে বলেন।

পাঁচ পৃষ্ঠার জবাবে পিটিআই চেয়ারম্যান লিখেছেন, তিনি আদালতে যাওয়ার সময় তাড়াহুড়াতে এনএবির তদন্ত প্রতিবেদনসহ অন্যান্য জিনিস রেস্টহাউসে ফেলে এসেছেন।

১১ মে সুপ্রিম কোর্ট ইমরান খানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে পরদিন ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু ইমরানের নিরাপত্তার স্বার্থে তাঁকে আবারও পুলিশ লাইনসের রেস্টহাউসে রাখা হয়। সেখান থেকে পরদিন ইসলামাবাদ হাইকোর্টে যান তিনি।

ইমরান লিখেছেন, ‘যা–ই হোক না কেন, দয়া করে দেখবেন, হেফাজতে থাকার সময় আমাকে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল, তা আমি ১২ মে ইসলামাবাদ হাইকোর্টে যাওয়ার সময় নিতে পারিনি। এমনকি আমার জামাকাপড় ও শেভিং কিটও সেখানে রয়ে গেছে।

‘আমি অনুরোধ করছি, আমাকে হাজির হওয়ার নোটিশ দেওয়ার আগে এবং আমার বক্তব্য রেকর্ড করার এবং সেই অনুযায়ী নথিপত্র তৈরির করার আগে, উল্লিখিত তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি (আমার জামাকাপড়, শেভিং কিটসহ যা রেখে এসেছি), অবিলম্বে জামান পার্কে আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন।’

যদি সম্ভব না হয়, তাহলে এনএবিকে চাইলে ইসলামাবাদে তাঁর আইনি পরামর্শদাতা গোহর আলী খানকে বললে তিনি সংস্থাটির সুবিধামতো সময়ে দপ্তরে গিয়ে তদন্তের একটি অনুলিপি সংগ্রহ করতে পারেন।