বিআরআই প্রকল্পের সম্প্রসারণ চাই: শাহবাজ শরিফ

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা। গতকাল পাকিস্তানের ইসলামাবাদেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বুধবার ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

নিরাপত্তা ও রাজনৈতিক সংগঠন এসসিও ২০০১ সালে গঠিত হয়। এ বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজক পাকিস্তান। এতে চীন, রাশিয়া, ভারতসহ ১১টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়।

ভাষণে শাহবাজ শরিফ বলেন, ‘সড়ক, রেল ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে জোর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মূল প্রকল্পগুলোর সম্প্রসারণ করা উচিত।’

বিআরআই বিশ্বব্যাপী অবকাঠামো ও জ্বালানি নেটওয়ার্কের জন্য নেওয়া ১ লাখ কোটি ডলারের পরিকল্পনা। স্থল ও সমুদ্রপথের মাধ্যমে আফ্রিকা ও ইউরোপের সঙ্গে এশিয়াকে যুক্ত করার জন্য চীন এক দশক আগে এ প্রকল্প হাতে নিয়েছিল।