বিয়ের আগ্রহের কথা জানালেন বিলাওয়াল ভুট্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ৩৩ বছর পেরিয়ে ৩৪–এ পা দিলেন ২১ সেপ্টেম্বর। এখনো অকৃতদার। নিজ দেশে তিনি অন্যতম যোগ্য পাত্র হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তিনি কাকে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে বেশ আগ্রহ। এবার নিজেই সেই খবর দিলেন বিলাওয়াল।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে বিয়ে নিয়ে আরব নিউজের করা এক প্রশ্নের জবাবে বিলাওয়াল বিয়ে করার আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অবশ্যই, আমার বিয়ে করার পরিকল্পনা আছে।’ তবে এর জন্য তাড়াহুড়া নেই বলে জানান তিনি।

চলতি বছরের এপ্রিলে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো দেশটির ৩৭তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে।

গত এপ্রিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে বিলাওয়াল অন্যতম ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়।

সম্প্রতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। মধ্য জুন থেকে শুরু হওয়া এ বন্যায় ইতিমধ্যে দেশটির এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। প্রাণহানি ঘটেছে হাজারের বেশি মানুষের। চারপাশে ক্ষয়ক্ষতির চিহ্ন দৃশ্যমান।

এ পরিস্থিতিতে গতকাল শুক্রবার বিলাওয়াল ভুট্টো বন্যাদুর্গত পাকিস্তানে পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য উদার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। অধিবেশনের বাইরে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল দেশের জন্য ‘জলবায়ুর ন্যায্যতা’ চান। বিলাওয়ালের তথ্যমতে, পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় তিন হাজার কোটি ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ শতাংশ।