পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পদ থেকে ইমরান খানকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। পাকিস্তানের দ্য নিউজে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে জিও নিউজ এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় গত অক্টোবরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টে নির্বাচনের অযোগ্য ঘোষণা ও তাঁর সদস্যপদ খারিজ করে ইসিপি। এর ধারাবাহিকতায় ইসিপি এখন পিটিআই চেয়ারম্যানের পদ থেকে ইমরানকে সরানোর প্রক্রিয়া শুরু করল।
ইমরানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগটি তোশাখানা বিতর্ক হিসেবে পরিচিতি। ইসিপি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে পিটিআইয়ের প্রধানকে ইতিমধ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে। ১৩ ডিসেম্বর বিষয়টির ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
ইসিপি একই দিন বিদেশি তহবিল মামলার রায়ের ভিত্তিতে পিটিআইকে কারণ দর্শানোর নোটিশের ওপর আবার শুনানি শুরু করবে।
দলীয় চেয়ারম্যানকে ইসিপির পাঠানো নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ এক নেতা। তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পিটিআইয়ের এই নেতা জোর দিয়ে বলেন, একটি দলের প্রধানকে সরানোর কোনো আইনি ভিত্তি ইসিপির নেই। কোনো দণ্ডিত ব্যক্তির একটি রাজনৈতিক দলের দায়িত্ব পালনের ক্ষেত্রেও কোনো বাধা নেই।
চলতি বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরানের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হয়। তাঁর পতনের পর শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন ইমরান। তিনি আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন।