ইমরানের চোখে অস্ত্রোপচার, তথ্য লুকানোর অভিযোগ

ইমরান খান

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখে অস্ত্রোপচার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব সালমান আকরাম রাজা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সরকার কয়েক দিন ধরে জনসমক্ষে মিথ্যা তথ্য দিয়ে বিষয়টি গোপন রেখেছে।

সুপ্রিম কোর্টের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজা বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সরকার পাঁচ দিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। তিনি আরও বলেন, হেফাজতে থাকা অবস্থায় ইমরান খানকে ন্যূনতম মৌলিক মানবাধিকারও দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর পরিবারকেও হাসপাতালে নেওয়ার কারণ জানানো হয়নি।

এর এক দিন আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেছিলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে সাময়িকভাবে পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে চক্ষুবিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করেছেন।

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সংসদ সদস্য সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হন। সালমান আকরাম রাজা জানান, প্রায় ২০০ সংসদ সদস্য সেখানে উপস্থিত হয়ে ইমরান খানের মৌলিক অধিকার হরণের প্রতিবাদ জানিয়েছেন।

রাজা আরও জানান, তিনি ও জ্যেষ্ঠ আইনজীবী লতিফ খোসা এ বিষয়ে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। তবে প্রধান বিচারপতি তাঁর চেম্বারে উপস্থিত না থাকায় সেই সাক্ষাৎ সম্ভব হয়নি।

পাকিস্তানের প্রধান বিচারপতির নির্দেশে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছেন বলে জানান সালমান আকরাম রাজা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এখানেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পিটিআই প্রতিষ্ঠাতাকে যদি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে এ দেশে কারও অধিকারই আর সুরক্ষিত থাকবে না।’