কেবিন ক্রুদের যথাযথভাবে পোশাক পরার নির্দেশনা পিআইএর

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ানলাইনসের (পিআইএ) কেবিন ক্রু
ছবি: সংগৃহীত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কেবিন ক্রুদের নিজেদের সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক যথাযথভাবে পরার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, কেবিন ক্রুদের অবশ্যই অন্তর্বাস পরতে হবে। পিআইএ দাবি করছে, কেবিন ক্রুরা ঠিকমতো পোশাক না পরার কারণে তাদের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে’ এবং তা পিআইএর ‘নেতিবাচক চিত্র’ তুলে ধরছে।

জিও টিভি এ–সংক্রান্ত একটি নির্দেশনা হাতে পেয়েছে। এতে পিআইএর ফ্লাইট সার্ভিসের ব্যবস্থাপক আমির বশির বলেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করা গেছে যে কয়েকজন কেবিন ক্রু আন্তনগর ভ্রমণ, হোটেলে থাকাসহ বিভিন্ন জায়গায় যাওয়ার সময় পোশাকবিধি মানছেন না। তাঁরা যে সব পোশাক পরছেন সেগুলো মানুষের মনে পিআইএর বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি করে। ওই নির্দেশনায় কেবিন ক্রুদের ঠিকঠাক অন্তর্বাসের ওপর বিধি অনুযায়ী পোশাক পরতে বলা হয়। পুরুষ ও নারীদের পোশাক পরিধান পাকিস্তানের সাংস্কৃতিক এবং জাতীয় নৈতিকতার সঙ্গে সংগতিপূর্ণ হওয়া উচিত।

এ ক্ষেত্রে গ্রুমিং কর্মকর্তাদের কেবিন ক্রুদের ‘সর্বদা’ পর্যবেক্ষণ এবং নিয়মের বাইরে কোনো ‘বিচ্যুতি’ হলে তা নিয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।