৯ মের সহিংসতার ঘটনায় সুপ্রিম কোর্টের তদন্ত চান ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার ও একে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দমনে সরকার এখন কঠোর অবস্থানে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান চালানো হয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান খান।
সাবেক এই প্রধানমন্ত্রী চাইছেন, ওই বিক্ষোভে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হোক। সুপ্রিম কোর্ট এ তদন্তের ব্যবস্থা করুক। এ তদন্তের ভিত্তিতে বিচার হওয়া উচিত বলে মনে করেন ইমরান খান।
বলা যায়, ৯ মে গ্রেপ্তারের পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই জামিন পেয়েছিলেন ইমরান খান। ওই সময় সুপ্রিম কোর্ট বলেছিলেন, তাঁর গ্রেপ্তার বেআইনি। এরপর ইমরান খানও বিচার বিভাগের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, সরকারের ওপর তাঁর কোনো আস্থা নেই। এখন একমাত্র ভরসার জায়গা বিচার বিভাগ।
পিটিআইয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গতকাল রোববার কথা বলেছেন ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার তাঁর দল পঙ্গু করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
ইমরান খান বর্তমানে লাহোরে জামান পার্কের বাসায় রয়েছেন। সেখানে এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাঁর দলের নেতাদের ওপরও চাপ প্রয়োগ করা হচ্ছে দল ছাড়ার জন্য। যতসংখ্যক নেতাকে পিটিআই-ছাড়া করা যায়, এই জন্য দুই, তিন, এমনকি চার সপ্তাহ ধরে এই চাপ দেওয়া হতে পারে।
সরকারকে নির্বাচনের সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাই না। দেশের জন্য নির্বাচন চাইছি। জনগণকে নেতা নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক।’ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য জাতীয় নির্বাচন দরকার বলেও মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘ইমরান খানকে ক্ষমতা থেকে দূরে রাখতে গিয়ে দেশ ধ্বংস করবেন না।’
এ ছাড়া গ্রেপ্তার ও আটক পিটিআই নেতাদের মুক্তির জন্যও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন ইমরান খান। তিনি বলেন, নারী রাজনৈতিকেরা শান্তিপূর্ণ বিক্ষোভ করে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মুক্তি দিতে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের নোটিশ ইস্যু করা উচিত।
ইমরান খান বলেন, ৯ মে তাঁর গ্রেপ্তারকে কেন্দ্র করে বিক্ষোভে কারা গুলি চালাল এবং ২৫ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করল, সেটা বের করে আনতে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। তিনি বলেন, তিনি গ্রেপ্তারের পর বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কয়েক জায়গায়। কিন্তু এ বিক্ষোভের জেরে কোনো ধরনের তদন্ত ছাড়া প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।