চার দিনের সরকারি সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরে পৌঁছানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে স্বাগত জানানো হয়। ২৩ মে ২০২৬ছবি: পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

চার দিনের সরকারি সফরে চীনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে, শাহবাজ শরিফ চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান প্রদেশটির ভাইস গভর্নর সু ওয়েনগুয়াং।

এ সময় শাহবাজকে স্বাগত জানাতে সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি।

হাংচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) চচিয়াং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং হাওয়ের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ। এই বৈঠকে চীনের চচিয়াং ও পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে ‘সিস্টার-প্রভিন্স’ সম্পর্ক স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারকে সই করেন তিনি।

এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তথ্যপ্রযুক্তিমন্ত্রী শাজা ফাতিমা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক ফাতেমি।

এর এক দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীনে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি তাঁর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, শাহবাজ শরিফ ও চীনের শীর্ষ নেতাদের এই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ প্রসঙ্গটিও আসতে পারে।