পেশোয়ারে ঘণ্টায় ৬০ রুপিতে স্মার্টফোন ভাড়া, গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন
রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের শহরতলি এলাকা ফরিদাবাদ। সেখানে একটি চক্র অর্থের বিনিময়ে শিশুদের স্মার্টফোন ভাড়া দিত। এ অভিযোগে ওই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্র ও শনিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।  

স্থানীয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই চক্র শিশুদের কাছে মুঠোফোন ভাড়া দিত। মুঠোফোনগুলো ভাড়া নিত মূলত যেসব শিশুর মুঠোফোন গেমসে আসক্তি আছে। মুঠোফোন ভাড়া নিয়ে তারা পাবজিসহ অন্যান্য গেম খেলত। অশ্লীল ভিডিও চিত্রও দেখত মুঠোফোনে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে শিশুরা স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায়। এরপর পুলিশ ওই এলাকার দুটি দোকানে অভিযান চালায়। জব্দ করে ৪৫টি মুঠোফোন। ওই চক্র ঘণ্টায় ৬০ রুপির বিনিময়ে মুঠোফোন ভাড়া দিত।

পুলিশ জানিয়েছে, শুক্রবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য চারজনকে গ্রেপ্তার করা হয় শনিবার। তাঁরা এখন পুলিশের হেফাজতে আছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার পর দোকান দুটি সিলগালা করে দেয় পুলিশ।

স্থানীয় থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে একটি তদন্তও শুরু করেছে পুলিশ।