ইমরান খানকে গ্রেপ্তারের নিন্দায় তারকারা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। আল কাদির ট্রাস্ট মামলায় মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে নেতা-কর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ করছেন।
এদিকে, ইমরানকে গ্রেপ্তারের সমালোচনা করেছেন দেশটির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অনেকেই।
ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনা ‘পরিহাসের’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী মায়া আলী। নিজের ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘আমাদের অধিনায়ককে তাঁদের হাতে আটক দেখাটা পরিহাসের। জাতির জন্য এক কালো অধ্যায়।’
‘এখন পাকিস্তানের জনগণের পরীক্ষার সময়’ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী মরিয়ম নাফিস। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নেতার পরীক্ষা শেষ হয়েছে, এখন গোটা জাতির পরীক্ষা দেওয়ার সময় এসেছে।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন অভিনেতা আদনান সিদ্দিকী। তিনি টুইটারে লিখেছেন, সাবেক একজন প্রধানমন্ত্রীকে সাধারণ অপরাধীদের মতো টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়াটা ‘দুঃখজনক’।
ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে জনগণকে রাস্তার নামার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সংগীতশিল্পী অ্যানি খালিদ। ইমরানের প্রতি সমর্থন জানিয়ে তিনি একাধিক টুইট করেছেন।
অ্যানি খালিদ লিখেছেন, ‘দয়া করে আপনারা সবাই ঘর থেকে বের হয়ে আসুন। আমাদের জন্য তাঁকে (ইমরান খান) কারাগারে যেতে হয়েছে। তাঁর রাজনৈতিক সংগ্রামের গোটা অধ্যায় আজ শেষ হওয়ার পথে। তিনি আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য লড়াই করতে বলেছেন। দয়া করে রাজপথে নেমে আসুন, প্রতিবাদে শামিল হোন।’
তরুণ অভিনেতা-অভিনেত্রীদের প্রতিবাদের কাতারে শামিল হয়েছেন বিখ্যাত অভিনেত্রী সামিনা পীরজাদা। ইমরান খানকে ‘অবিলম্বে’ মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নিষ্ঠুর লোকজন তোমরা এসব কী করছ?’
ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার যুক্তরাজ্যে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন সংগীতশিল্পী অ্যানি খান।
সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মিশি খান। তিনি বলেছেন, ‘আমি খুবই মর্মাহত এবং হতাশ। এটা হওয়া উচিত নয়।’