দুর্নীতির আরেক মামলায় খালাস পেলেন নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজকে খালাস দেন।

মামলাটি পুনর্বিচারের জন্য আবেদন জানিয়েছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। তবে এনএবির এই আবেদন ইসলামাবাদ হাইকোর্ট নাকচ করেন।

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় খালাস পাওয়ায় নওয়াজ দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ও সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার যোগ্য হতে পারেন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

গতকাল ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে বলেন, এই মামলায় বিচারিক আদালত ফটোকপির ওপর ভিত্তি করে নওয়াজকে দোষী সাব্যস্ত করেছেন।

ইসলামাবাদ হাইকোর্টের এই রায়ের পর পিএমএল-এনের নেতা-কর্মী-সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা মিষ্টি বিতরণও করেন।

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত রায় দেন। রায়ে নওয়াজকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই রায়ের বিরুদ্ধে আপিল করে ইসলামাবাদ হাইকোর্ট থেকে খালাস পেলেন নওয়াজ।

ইসলামাবাদ হাইকোর্টের একই বেঞ্চ গত ২৯ নভেম্বর অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে খালাস দেন। এই মামলায় ২০১৮ সালে নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

আরও পড়ুন

ইসলামাবাদ হাইকোর্টের গতকালের রায়ের পর এক প্রতিক্রিয়ায় পিএমএল-এনের নেতা মরিয়ম আওরঙ্গজেব বলেন, সব মামলায় নওয়াজ খালাস পেয়েছেন। মামলাগুলো যে মিথ্যা ছিল, তা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। নওয়াজ জনগণের ভোটে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কারাগারে থাকা অবস্থায় ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন নওয়াজ। এরপর তিনি চার বছর যুক্তরাজ্যেই ছিলেন। গত অক্টোবরে তিনি দেশে ফেরেন।