পাকিস্তানে নির্বাচনে দেরি না করতে সতর্কবার্তা সিনেটরের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নির্বাচন কমিশনের কার্যালয়
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে নির্বাচনী আসনের নতুন করে সীমানা নির্ধারণের জেরে ভোট দেরি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যথাসময়ে নির্বাচন করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রাজা রব্বানি। আর স্বচ্ছ প্রক্রিয়ায় আসনের সীমানা নির্ধারণ করতে কমিশনকে বলেছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।

৯ আগস্ট মেয়াদ পূরণের তিন দিন আগে ভেঙে দেওয়া হয় পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। এখন সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এরই মধ্যে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের প্রথম ডিজিটাল জনশুমারির তথ্য প্রকাশ হয়। সে অনুযায়ী নির্বাচনী আসনগুলোর নতুন সীমানা নির্ধারণের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন। সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, সীমানা নির্ধারণে চার থেকে ছয় মাস সময় লাগতে পারে। তাই সময়মতো নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। এর অর্থ, চলতি বছর আর পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

তবে রাজা রব্বানি আজ মঙ্গলবার বলেন, সংবিধানে বেঁধে দেওয়া সময়ের বাইরে গিয়ে নির্বাচন আয়োজনে দেরি করলে, পাকিস্তানের ওপর মারাত্মক প্রভাব পড়বে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেতা আরও বলেন, সংবিধান মেনে দ্রুত কাজ না করার জন্য ওই প্রভাবের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে পড়বে।

আরও পড়ুন

পাকিস্তানে নির্বাচনের আয়োজনের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে রাজা রব্বানি বলেন, নির্বাচনী আসনগুলোর নতুন করে সীমানা নির্ধারণে কত সময় লাগবে, তা কমিশনকে দ্রুত ও স্পষ্টভাবে জানাতে হবে।

এদিকে আজই নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের বেঞ্চ। দেশটির সিন্ধু প্রদেশের শিখরপুর জেলায় কয়েকটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানিতে তিনি বলেন, ‘বিষয়টি জনগণের স্বার্থের সঙ্গে জড়িত।’ শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশনের মহাপরিচালককে (আইন) উদ্দেশ করে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, নির্বাচনের সময় ঠিক করা হয়েছে কি না। কোনো জবাব না পেয়ে তিনি হেসে বলেন, এর অর্থ দিনক্ষণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন