আদালতের ভেতরে ইমরান খান, বাইরে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন মামলায় জামিন নিতে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে যান ইমরান খান
ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তখন ইসলামাবাদ হাইকোর্টের ভেতরে। বাইরে হঠাৎ গুলির শব্দ। বেশ কয়েকবার। এ ঘটনার পর হাইকোর্ট চত্বরে সতর্ক অবস্থানে যায় পুলিশ। তবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাতে গোলাগুলির সময় ঘটনাস্থলে ছিলেন সংবাদমাধ্যম দ্য ডনের একজন প্রতিনিধি। তিনি বলেন, ‘থেমে থেমে গুলি চলছে। এখনো গুলির শব্দ পাওয়া যাচ্ছে। মাত্র আমি পাঁচবার গুলির শব্দ পেলাম।’

আরও পড়ুন

এদিকে সংবাদমাধ্যম জিও নিউজকে হাইকোর্ট চত্বরে গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের এক মুখপাত্র। তিনি বলেন, ‘সব পুলিশ সদস্য নিরাপদে রয়েছেন। গুলি চলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর কিছু সময় বাদে ইসলামাবাদ পুলিশের উপমহাপরিদর্শকের গাড়িতে করে লাহোরের উদ্দেশে হাইকোর্ট চত্বর ত্যাগ করেন ইমরান। গাড়িটি ঘিরে ছিল কড়া নিরাপত্তা। এর মধ্য দিয়ে ১১ ঘণ্টার নাটকীয়তার পর আদালত ছাড়েন তিনি।

আরও পড়ুন

ইমরান শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তাঁর বিরুদ্ধে করা বিভিন্ন মামলার জামিনের শুনানিতে অংশ নিতে। প্রথমে আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পান তিনি। পরে ৯ মে পর্যন্ত করা কোনো মামলায় ইমরান খানকে ১৭ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দেন আদালত।

এরপর ইমরান লাহোরে করা চারটি মামলায় জামিন চান। এর পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলায় তাঁকে ২২ মে পর্যন্ত জামিন দেওয়া হয়। হাইকোর্টের আরেকটি বেঞ্চ ১৫ মে সকাল পর্যন্ত ইমরান খানকে গ্রেপ্তারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

জামিনের পর আদালত ত্যাগের প্রস্তুতি নেন ইমরান খান। তবে তাঁকে বাধা দেন পুলিশের এক কর্মকর্তা। এ সময় পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ইমরান বলেন, ‘১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদের রাস্তা খুলে না দিলে আমি আমার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করব।’ এর পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাঁদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত আদালত চত্বর ত্যাগ করেন ইমরান।

আরও পড়ুন