পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে আফগানিস্তান
পাকিস্তান সীমান্তে সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের কয়েকটি সেনাচৌকি দখল করে নিয়েছে আফগান বাহিনী। এই হামলার জবাব অতি দ্রুত দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ লিখেছেন, পাকিস্তানি সামরিক বাহিনী বারবার আইন লঙ্ঘন করেছে। এর জবাবে তাদের ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে বড় পরিসরে হামলা চালানো হয়েছে। হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং আটক হলেও আফগান বাহিনীর কেউ হতাহত হননি বলে এক্স পোস্টে জানান তিনি।
আফগানিস্তানের একজন সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির নানগারহার ও কুনার প্রদেশের আফগান সেনাসদস্যরা পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালান। আর আফগান সরকারের আরেক মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর ১৫টি চৌকি দখল করে নিয়েছেন তাঁরা।
এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন। যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।
এদিকে আফগানিস্তানের হামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে বিভিন্ন এলাকায় বিনা উসকানিতে গুলি চালিয়েছে আফগানিস্তান। দ্রুত ও কার্যকরভাবে এগুলোর জবাব দেওয়া হবে।