ইমরানকে কারাগারে সন্ত্রাসীদের জন্য সংরক্ষিত সেলে রাখা হয়েছে: আইনজীবী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে সন্ত্রাসীদের জন্য সংরক্ষিত সেলে রাখা হয়েছে। ইমরানের আইনজীবী নিয়াম হায়দার পানজোথার পক্ষ থেকে গতকাল সোমবার ইসলামাবাদ হাইকোর্টে করা এক আবেদনে এমন দাবি করা হয়।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচাসংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় গত শনিবার ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। সাজা ঘোষণার পর এদিনই ইমরানকে তাঁর লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে পাঠানো হয়। অ্যাটক কারাগারটির কুখ্যাতি রয়েছে। এখানে থাকা বন্দীদের মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিও আছে।
অ্যাটক কারাগারে ইমরানকে রাখার বিষয়টিকে ‘অবৈধ’ ঘোষণার পাশাপাশি তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের আরজি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদনটি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানের আইনজীবী নিয়াম। একই আবেদনে ইমরানকে কারাগারে প্রথম (এ) শ্রেণির সুযোগ-সুবিধা দেওয়ার আরজি রয়েছে।
আবেদনটিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ৯৯ বর্গফুটের একটি কক্ষে বন্দী করে রাখা হয়েছে। তাঁর সেলের সঙ্গে সংযুক্ত শৌচাগারটি নোংরা। সেলটি নোংরা। সেলটি সাধারণত সন্ত্রাসীদের জন্য সংরক্ষিত।
আবেদনে বলা হয়, বিদ্বেষ ও সরকারি চাপের কারণে কারাগারে ইমরানের সঙ্গে একজন গুরুতর অপরাধীর মতো আচরণ করা হচ্ছে।
গতকাল বিকেলে ইমরানের সঙ্গে তাঁর আইনজীবী নিয়ামকে কারাগারে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। কারাগারে দুজনের মধ্যে ১ ঘণ্টা ৪৫ মিনিট কথা হয়। এই সাক্ষাতের পর আইনজীবী নিয়াম বলেন, এত কিছুর পরও ইমরানের মনোবল সুদৃঢ় রয়েছে।