কারাগারে ইমরানের দৃষ্টি সমস্যায় উদ্বিগ্ন দুই ছেলে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানএএফপি

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে। তাঁরা বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। দুই বছরের বেশি সময় ধরে তাঁদের সঙ্গে বাবার সরাসরি দেখা হয়নি। ইমরানের দুই ছেলে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন।

গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের আইনজীবী জানান, হেফাজতে থাকার সময় তাঁর (ইমরান) ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে গত সোমবার একটি মেডিক্যাল বোর্ড জানায়, চিকিৎসার পর চোখের ফোলা কমেছে এবং তাঁর দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে।

লন্ডনে বসবাসরত খানের দুই ছেলে কাসিম (২৬) ও সুলায়মান (২৯) রয়টার্সকে বলেন, মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনের বিষয়ে তাঁরা নিশ্চিত নন। গত সেপ্টেম্বরের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাঁরা বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তাঁদের ভাষ্য, ইমরান খান সাধারণত নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে চান না। তবে সর্বশেষ ফোনালাপে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কয়েক মাস ধরে তাঁর চোখের যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

কাসিম বলেন, ‘এত দিন বাবার কাছ থেকে দূরে থাকাটা মানসিকভাবে কঠিন। আমরা চাই, তাঁকে একটি উপযুক্ত চিকিৎসাকেন্দ্রে নেওয়া হোক।’