‘ভারতের কাছে বিক্রি করা দামে’ রাশিয়া থেকে তেল কিনতে প্রস্তুত পাকিস্তান

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার
ফাইল ছবি: এএফপি

ভারতের কাছে বিক্রি করা দামে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে প্রস্তুত আছে পাকিস্তান। সরকারি সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসহাক দার বলেন, বন্যার কারণে পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার বিষয়টি বিবেচনায় ছাড়ে তেল আমদানিতে পশ্চিমাদেরও কোনো আপত্তি থাকবে না বলে আশা করছেন তিনি। ভয়াবহ বন্যায় দেশটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে আছে রাশিয়া। এ অবস্থায় তেল রপ্তানি অব্যাহত রাখতে মূল্যছাড় দিয়েছে দেশটি। আর ছাড় দেওয়া এ মূল্যের সুযোগ নিচ্ছে ভারত। রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে নয়াদিল্লি।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের আরও বলেন, ওয়াশিংটনে চার দিন অবস্থানকালে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে তিনি ৫৮টি বৈঠক করেছেন।

আরও পড়ুন

ইসহাক দার জানান, পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিশ্বব্যাংক ও যুক্তরাজ্য একটি গোলটেবিল আলোচনার আয়োজন করে। সেখানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ যৌথভাবে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে।

অর্থমন্ত্রী ইসহাক দার আরও বলেন, ওই প্রতিবেদন অনুযায়ী বন্যার কারণে পাকিস্তানের ৩ হাজার ২৪০ কোটি ডলার সমপরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্বাসন কাজের জন্য পাকিস্তানের ১ হাজার ৬০০ কোটি ডলারের বেশি প্রয়োজন।