জ্বালানি নিয়ে বিক্ষোভ: পাকিস্তানে অন্তত এক মাস গণপরিবহন ফ্রির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফফাইল ছবি: এএফপি

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস সরকারি গণপরিবহনে বিনা মূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। এর আগে পেট্রলের দাম একলাফে ৪২ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ৪৮৫ রুপি (১ দশমিক ৭৪ ডলার) করার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ শুরু হয় এবং পেট্রলপাম্পগুলোয় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

বিক্ষোভের মুখে গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৩৭৮ রুপি নির্ধারণ করা হয়েছে।

বিক্ষোভের মুখে গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে আসেন। তিনি জানান, তেলের ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটার পেট্রলের দাম ৩৭৮ রুপি নির্ধারণ করা হয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘কমপক্ষে এক মাস এ দাম কার্যকর থাকবে।’ দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘কথা দিচ্ছি, আপনাদের জীবন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসব না।’

তবে পেট্রলের দাম কমালেও ডিজেলের দাম কমাননি শাহবাজ শরিফ। ৫৪ দশমিক ৯ শতাংশ দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ৫২০ রুপিতে (১ দশমিক ৮৭ ডলার) বিক্রি হবে।