পিটিআইয়ের শীর্ষ নেতাদের কারাদণ্ড

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান কারাবন্দী ইমরান খানের সঙ্গে পিটিআই নেতা শাহবাজ গিল (ডানে)ছবি: টুইটার

পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত ২০২৩ সালের ৯ মের দাঙ্গা ও সহিংসতা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৪৭ জন নেতা-কর্মীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিতদের মধ্যে ওমর আইয়ুব, জারতাজ গুল, মুরাদ সাইদ, শিবলি ফারাজ, শাহবাজ গিল এবং হাম্মাদ আজহারের মতো শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন।

আদালতের বিচারক আমজাদ আলী শাহ পিটিআইয়ের এই নেতাদের দাঙ্গার মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত করেছেন। দণ্ডিতদের তালিকায় আরও আছেন কানওয়াল শোজাব, জুলফি বুখারি, উসমান সাইদ বাসরাসহ অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতা। এর আগের শুনানিগুলোতে তাঁদের সবাইকে পলাতক ঘোষণা করা হয়েছিল। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা জেনারেল হেডকোয়ার্টার্স গেট, হামজা ক্যাম্প, আর্মি মিউজিয়ামসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলায় সরাসরি জড়িত ছিলেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেককে ৫ লাখ রুপি করে জরিমানা করেছেন এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালের ৯ মে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়ে। এ মামলায় শুরুতে ইমরান খান, শাহ মাহমুদ কোরেশিসহ ১১৮ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তবে মামলার শুরু থেকেই পলাতক থাকা ৪৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় পৃথকভাবে বিচার কার্যক্রম পরিচালনা করে এই রায় দেওয়া হলো।