মার্কিন নাগরিক স্ত্রীকে হত্যার পর কবর খোঁড়ার সময় পাকিস্তানি গ্রেপ্তার
পাকিস্তানের লাহোর শহরে কবর খোঁড়ার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার কাজিম কামাল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, স্ত্রীকে হত্যা করে তাঁকে কবর দিতে চেয়েছিলেন তিনি।
গ্রেপ্তার কাজিম কামালের স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক। তাঁর নাম ডায়ানা ক্রিস্টো খান। মঙ্গলবার পাকিস্তান পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ৫০ বছর বয়সী স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন কাজিম কামাল।
ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা পুলিশ কর্মকর্তা মুহাম্মদ নাদিম এএফপিকে বলেন, এক ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে ধর্মীয় আচার না মেনেই একটি মরদেহ কবর দিতে চাচ্ছিলেন বলে সেখানে থাকা লোকজন পুলিশকে জানান। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মরদেহটি সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রাখা রয়েছে। এতে সন্দেহ হয়।
এদিকে ডায়ানা ক্রিস্টো খান যে মার্কিন নাগরিক, বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। তাঁদের প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক সহযোগিতা দেওয়া হচ্ছে।’
পাকিস্তান পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ‘নাইন–ইলেভেন’ সন্ত্রাসী হামলার পর দেশটি থেকে কাজিম কামালকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। ফলে তিনি তাঁর মার্কিন স্ত্রী ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সম্প্রতি তিনি অসুস্থতার কথা বলে স্ত্রীকে পাকিস্তানে আনেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ বলছে, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ডায়ানা ক্রিস্টো খানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর কাঁধেও কালশিটে দাগ রয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।