বিলাওয়ালের মন্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়ার পাল্টা জবাব পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি
ছবি: টুইটার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ আখ্যায়িত করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এতে চটেছে ভারত। বিবৃতি দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই মন্তব্য অত্যন্ত নিম্নমানের, যা পাকিস্তানের সঙ্গেও যায় না।’ আর এই বিবৃতিতে ‘ভারতের হতাশা ফুটে উঠেছে’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে তর্ক–বিতর্কের সূত্রপাত জাতিসংঘে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদকে চিরস্থায়ী করছে পাকিস্তান। এর জবাবে বিলাওয়াল নরেন্দ্র মোদিকে নিয়ে ওই মন্তব্য করেন।

এরপর গত শুক্রবার বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, পাকিস্তান হচ্ছে সেই দেশ, যারা ওসামা বিন লাদেনকে শহীদ বলেছিল। এ ছাড়া তারা লাখভি, হাফিজ সাইদ, মাসুদ আজহার, সাজিদ মির ও দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীদের আশ্রয় দেয়।

পাকিস্তানের ১২৬ জন সন্ত্রাসী ও ২৭ সন্ত্রাসী সংগঠন জাতিসংঘের তালিকায় রয়েছে, যা অন্য কোনো দেশের নেই।

আরও পড়ুন

এর জবাবে মুমতাজ জাহরা বালোচ শনিবার বিবৃতিতে বলেন, ২০০২ সালে গুজরাটের ‘গণহত্যার’ বাস্তবতা আড়াল করার চেষ্টা করেছে ভারত সরকার। এটা ছিল হত্যা, ধর্ষণ ও লুটপাটের এক লজ্জাজনক কাহিনি। আসল কথা হচ্ছে গুজরাটের গণহত্যার নীলনকশাকারীরা বিচার এড়িয়ে গেছেন এবং ভারত সরকারের মূল পদগুলোতে আছেন।

আরও পড়ুন

মুমতাজ বলেন, দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেসে জঘন্য হামলায় ভারতের মাটিতে ৪০ জন পাকিস্তানি নিহত হয়েছিলেন। ওই হামলার মূল পরিকল্পনাকারী ও অপরাধীদের খালাস পাওয়া আরএসএস–বিজেপির অধীনে বিচারব্যবস্থার বেহাল দশাই ফুটিয়ে তুলেছে।

আরও পড়ুন