‘পাকিস্তানে সবকিছু স্বাভাবিকভাবে চলছে, জরুরি অবস্থা জারির সম্ভাবনা নেই’
পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে তাঁর দেশে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নেই। তাঁর দাবি, সব কাজকর্ম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।
ডন নিউজের ‘লাইভ উইথ আদিল শাহজেব’ অনুষ্ঠানে দেওয়া মরিয়ম এসব কথা বলেছেন।
মরিয়ম বলেন, পিটিআই নেতা ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় যে কয়েকটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেগুলোকে নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
মরিয়ম আরও বলেন, সরকারের ক্ষমতা আঁকড়ে রাখার ইচ্ছা নেই। জোট সরকারের বৈধ মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
মরিয়ম আওরঙ্গজেব বলেন, গণতান্ত্রিক সরকার কখনোই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না। পিটিআইকে নিজেদের দিকে তাকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেখিয়ে দিতে হবে যে তারা রাজনৈতিক দল।
গণতান্ত্রিক সরকার কখনোই অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়। আমরা যদি কাউকে রাজনৈতিক শিকারে পরিণত করতে চাইতাম, তাহলে ইমরানকে গ্রেপ্তারের জন্য ১৪ মাস অপেক্ষা করতাম না।’
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে আদালতে আবেদন করেন ইমরান। বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানি হয়।
ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি বলেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে আজ শুক্রবার তাঁকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।