পাকিস্তানের রিজার্ভ এখন ৪৩০ কোটি ডলারের তলানিতে ঠেকেছে

পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৪৩০ কোটি ডলারেফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৩০ কোটি (৪ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর দেশটিতে রিজার্ভ সর্বনিম্নে নেমে যাওয়ার ঘটনা এটাই প্রথম। সম্প্রতি পাকিস্তানের কিছু ঋণ পরিশোধ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এরপরই রিজার্ভের এ অবস্থার কথা জানাল দ্য স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)।

আরও পড়ুন
আরও পড়ুন

গত বৃহস্পতিবার এসবিপি এক বিবৃতিতে জানায়, তাদের কাছে এখন মাত্র ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আরও ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার আছে। সব মিলিয়ে ১০ দশমিক ১ বিলিয়ন ডলারের বিদেশি রিজার্ভ রয়েছে।

এ অবস্থা থেকে উদ্ধারে এখন পাকিস্তানকে তাকিয়ে থাকতে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দিকে। আইএমএফ ১ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে পাকিস্তানকে।

আরও পড়ুন

এ ছাড়া যেসব দেশের সঙ্গে দারুণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, তাদের কাছ থেকেও আর্থিক সহায়তার জন্য কাজ করে যাচ্ছে ইসলামাবাদ। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ঋণ বা সহায়তা চায় ইসলামাবাদ। সংযুক্ত আরব আমিরাত থেকে এরই মধ্যে বিশাল ঋণ নিয়েছে পাকিস্তান। নতুন করে আরও এক বিলিয়ন ডলার চায় দেশটি।

গত কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দ্রুত ডলারের রিজার্ভ কমে আসছে দেশটির। পাকিস্তান বর্তমান অচলাবস্থার অবসানের আশা করছে। কারণ, আইএমএফ ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় দেবে বলে আশা করছে তারা। গত বছর ভয়াবহ বন্যার শিকার হয় পাকিস্তান। তাতে দেশটির বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে যায়। সরকারি হিসাবে, বন্যায় দেশটির ৩০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছিল। মারা যায় ১ হাজার ৭০০ জনের বেশি।