অনার কিলিং: দুই মেয়েকে হত্যা করলেন বাবা

পাকিস্তানের পেশোয়ারে এক বাবা তাঁর দুই মেয়েকে পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা (অনার কিলিং) করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। খবর ডনের।

পেশোয়ারের আচার কালি এলাকায় ২০ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ফজল ওয়াহিদ বলেন, আবদুল গনি নামের এক ব্যক্তি তাঁর ২০ বছরের মেয়ে শামিম ও ১০ বছরের মেয়ে নরিনকে হত্যা করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আবদুল গনি তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন।

অভিযুক্ত আবদুল গনির ছেলে আমজাদ গনি ঘটনাটি পুলিশকে জানান এবং দুই বোনকে হত্যার ঘটনায় তিনি এফআইআর দাখিল করেন।

পুলিশ কর্মকর্তা ফজল ওয়াহিদ বলেন, আবদুল গনিকে গ্রেপ্তারের জন্য পুলিশ বেশ কয়েকটি অভিযান চালায়। ওই হত্যাকাণ্ডের দুই দিন পর পেশোয়ারের মোসাম ঘারি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ফজল ওয়াহিদ আরও বলেন, আবদুল গনি পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর মেয়েদের জন্য লজ্জিত ছিলেন কারণ তাঁরা প্রায় সময় বাড়ির বাইরে যেত।