পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে পাকিস্তানি সুপ্রিম কোর্টের যে আদেশে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্ষমতা হারালেন, আদালতের সেই মূল্যায়ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। নওয়াজ ও তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা এসব প্রতিবেদনে উঠে আসে।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান লিখেছে, আদালতের এই রায় পাকিস্তানের রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলেও এটা খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়। এ ধরনের চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সুফলভোগীদের নামের প্রকাশিত তালিকায় কর রেয়াতের আওতাভুক্ত ব্রিটিশ অঞ্চলগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। এতে বিভিন্ন ট্রাস্ট এবং যাচাইয়ের সঠিক উপায়গুলোও চালু করতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে হবে। ফাঁস হওয়া তথ্য যতই কার্যকর হোক, এসবের ওপর নির্ভরশীলতা থাকা উচিত নয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস লিখেছে, আদালতের এই রায় বিস্ময়কর কিছু নয়। পানামা কেলেঙ্কারিতে নওয়াজ শরিফের নাম ছিল না, ব্যক্তিগত স্বার্থের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহারের প্রমাণও তাঁর বিরুদ্ধে মেলেনি। তবু সম্পদ গোপন করার দায়ে বা সততা দেখাননি বলে বিচারকেরা তাঁকে অযোগ্য ঘোষণা করেছেন। পাকিস্তানের রাজনীতিকেরা সততার প্রতিমূর্তি নন, দুর্নীতিই নওয়াজের এই পরিণতির প্রধান কারণ নয়। নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ নওয়াজকে না দিয়ে বিচারকেরা স্পষ্টত ন্যায়বিচারের চেতনা নষ্ট করেছেন।
ভারতের হিন্দুস্তান টাইমস লিখেছে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে নওয়াজের প্রস্থান প্রায় নিশ্চিতভাবে পাকিস্তানে একটি অনিশ্চয়তাময় সময়ের সূচনা করবে। অতএব ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রেও ঝুঁকি বেড়েছে।
মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গের মন্তব্য, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না, কিন্তু এই রায়ের পারিপার্শ্বিক পরিস্থিতি সংকটপূর্ণ...ভোটারদের দায়িত্ব পালন করা পাকিস্তানের শীর্ষ আদালতের উচিত নয়। এর দুর্নীতি দমন প্রতিষ্ঠানগুলো অধিকতর স্বাধীনতা ও তথ্য-উপাত্ত ব্যবহার করতে পারে। তবে রাজনীতিকদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক মতভেদ পার্লামেন্ট এবং ব্যালট বাক্সের মাধ্যমেই মীমাংসা করে নেওয়া উচিত। নওয়াজের অপসারণ হয়তো সঠিক, তবে এটা পাকিস্তানের অসুখের সঠিক ওষুধ নয়।