অপহরণের ৪ বছর পর মুক্ত উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবানের হাতে অপহূত হওয়ার চার বছর পর একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এলাকা থেকে আজমল খান নামের ওই উপাচার্যকে উদ্ধার করা হয়।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজমল খান উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের ইসলামিয়া কলেজ ইউনিভার্সিটির উপাচার্য। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তালেবানরা তাঁকে অপহরণ করে।

পেশোয়ারের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, আজমল খানকে উত্তর ওয়াজিরিস্তান থেকে উদ্ধার করা হয়েছে।

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আজমল খানকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি নিরাপদে আছেন। অপহরণের দিন থেকেই তাঁর অবস্থান জানার চেষ্টা করে আসছিল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। তবে আজমল খান কীভাবে মুক্ত হলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।

অপহরণের পর আজমল খানের বেশ কয়েকটি ভিডিও বার্তা প্রচারিত হয়। সেখানে তিনি তাঁর মুক্তির ব্যাপারে পাকিস্তানের তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে সরকারকে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।

দেশটির সরকারি একজন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে বেশ কয়েকবার তালেবানদের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু তারা আজমল খানকে মুক্তি দিতে অস্বীকৃতি জানায়। এর আগে তালেবানের এক কমান্ডারকে আটক করে নিরাপত্তা বাহিনী। আজমল খানের মুক্তির বিনিময়ে তালেবান ওই কমান্ডারের মুক্তি চেয়েছিল।